Last Updated:
Free Cooking Gas: LPG Cylinder-এর প্রয়োজন নেই, নেই রান্নার গ্যাস কেনার খরচ! গোবর থেকে তৈরি Biogas দিয়েই তিনবেলা রান্না করছেন ডুয়ার্সের কৃপা। কীভাবে এই অভিনব ব্যবস্থায় তৈরি হচ্ছে রান্নার গ্যাস, জেনে নিন বিস্তারিত।
জলপাইগুড়ি: ফ্রি গ্যাসে তিনবেলা রান্না! কিসে মিলল সমাধান জানেন? দামি LPG ভুলে এই গ্যাসেই বাজিমাত! পকেটের টান আর নয়, কীভাবে এলপিজি ছাড়াই ফ্রিতে তিনবেলা রান্না করছেন মেটেলির কৃপা? জানলে অবাক হবেন আপনিও।
লগ্নি নেই, অথচ দিনভর দিব্যি জ্বলছে নীল শিখার গ্যাসের আগুন! রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম আর দুর্গম এলাকা থেকে সিলিন্ডার বহনের অতিরিক্ত খরচ এই জোড়া সমস্যায় যখন আমজনতার পকেটে টান পড়ছে, ঠিক তখনই বিকল্প ও সহজ সমাধানে পথ দেখালেন ডুয়ার্সের এক চা শ্রমিক। সিলিন্ডারের ওপর শতভাগ নির্ভরতা কমিয়ে গোবর দিয়ে তৈরি গ্যাসেই এখন অনায়াসে সারছেন পুরো পরিবারের তিনবেলার রান্না।
মেটেলি ব্লকের আইবিল চা বাগানের একবারে প্রান্তে অবস্থিত মাথুরা লাইন। বাজারহাট থেকে শুরু করে রান্নার সিলিন্ডার আনা সবকিছুর জন্যই এ লাইনের মানুষদের ছুটতে হয় চালসা বাজারে। দূরত্বের কারণে একদিকে যেমন বাড়ে যাতায়াত খরচ, অন্যদিকে সিলিন্ডার বহন করাও এক বিশাল ঝক্কি। সেই ভোগান্তির স্থায়ী ইতি টেনে নজির গড়েছেন স্থানীয় বাসিন্দা কৃপা হাঁসদা।
কৃপার দিন শুরু হয় গোয়ালঘরের ৩০ কেজি গোবরের সঙ্গে ৪০ লিটার জল মেশানোর মাধ্যমে। সেই মিশ্রণ বায়োগ্যাস প্ল্যান্টে ফেলা মাত্রই প্রাকৃতিক নিয়মে উৎপন্ন হয় গ্যাস, যা সরাসরি পৌঁছে যায় তাঁর রান্নাঘরের বিশেষ ওভেনে। কোনও ধোঁয়া নেই, অতিরিক্ত কোনও খরচ নেই। প্রতিদিন সকাল, দুপুর ও রাতের রান্না হচ্ছে এই পরিবেশবান্ধব গ্যাসেই। এই টেকসই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রয়েছে ‘প্রসারী’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার। ২০২৫ সালে তাদের সহায়তায় মাথুরা লাইনে ৪টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়। সেই সুযোগকে পূর্ণ মাত্রায় কাজে লাগিয়ে কৃপা হাজদা আজ এলপিজি মুক্ত জীবনের স্বস্তি পাচ্ছেন।
কৃপা হাজদার এই উদ্যোগ রান্নার গ্যাসের খরচ ১০০ শতাংশ কমিয়েছে এরই সঙ্গে আইভিল চা বাগানজুড়ে তৈরি করেছে এক নতুন কৌতূহলের। গোবরের মতো নিত্যদিনের ফেলে দেওয়া উপাদানকে কিভাবে কাজে লাগানো যায়, তা তিনি দেখিয়ে দিয়েছেন। জ্বালানি সংকট, আকাশছোঁয়া মূল্যের এই সময়ে প্রান্তিক এলাকায় দাঁড়িয়ে নেওয়া তাঁর এই পদক্ষেপ নিঃসন্দেহে ডুয়ার্সের চা বাগান অঞ্চলে পরিবেশবান্ধব দিনবদলের এক উজ্জ্বল দৃষ্টান্ত তা কিন্তু বলাই যায়!
Jalpaiguri,West Bengal