Last Updated:
Free Treatment in Privet Hospital: সাধারণ মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্য পরিষেবায় আরও স্বচ্ছতা ও জবাবদিহি আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালগুলির চিকিৎসা খরচ ও বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাস্থ্য দফতর বিশেষ নজরদারি চালানোর পরিকল্পনা করছে।
কলকাতাঃ সাধারণ মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য, তাই বেসরকারি হাসপাতালের বিলে স্বচ্ছতা আনতে তৎপর স্বাস্থ্য দফতর। বেসরকারি হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসায় ১০% বেড সংরক্ষণের বিষয়েও ভাবনা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় আজ সল্টলেকের স্বাস্থ্য ভবনে কলকাতার ২৫টি বড় বেসরকারি হাসপাতালে কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। এই বৈঠকে স্বাস্থ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন-সহ উচ্চ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
কলকাতার দুটি বাদে বড় সবকটি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ১০% বেড বিনামূল্যে নিম্ন আয়ের মানুষের চিকিৎসার জন্য ছেড়ে রাখতে হবে, এমনই আলোচনা হয়েছে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে। অর্থাৎ, আগামী দিনে কলকাতার বড় বেসরকারি হাসপাতালগুলিতে প্রায় ২০০০ বেড সংরক্ষিত থাকবে বলে মনে করা হচ্ছে। সরকারি হাসপাতাল বা মেডিক্যাল কলেজগুলিতে কোনও রোগী ভর্তির সময় বেড না পেলে, যাতে তাকে অন্য সরকারি বা বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা যায়, স্বাস্থ্য ভবনে জানালে যাতে বিনামূল্যে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়, সেই সব বিষয়ে আলোচনা হয়।
বেসরকারি হাসপাতালের বিলের খেত্রী স্বচ্ছতা আনতে জরুরি পদক্ষেপ করবে রাজ্য। কোনও একটা পরীক্ষা আউটডোরে করলে এক রেট আর ভর্তি হওয়ার পরেই সেই রেট বেড়ে যায় এমনকি রোগীকে জেনারেল বেড থেকে কেবিন বা ডিলাক্সে দিলে ধাপে ধাপে সেটা বেড়ে যায়, সেই বিষয়ে স্পষ্ট গাইডলাইন নিয়ে কড়া দফতর। কোনও লুকোনো বিল রাখা যাবে না, নন মেডিক্যাল খরচও ফাইনাল বিলে বিস্তারিত উল্লেখ করতে হবে। সমস্ত খরচের রেট ডিসপ্লে করতে হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। প্রসঙ্গত, আগামী সোমবার ১৫ জুন, কলকাতা এবং শহরতলির ছোট-মাঝারি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমদের সঙ্গে বৈঠকে বসবেন স্বাস্থ্যমন্ত্রী।
Kolkata,West Bengal
Jun 12, 2026 12:43 AM IST
