Last Updated:
বাংলা পক্ষের মুখ হিসেবে গর্গ চট্টোপাধ্যায়ই পরিচিত ছিলেন৷ সংগঠনের সম্পাদক পদে ছিলেন গর্গ চট্টোপাধ্যায়৷
বাংলা পক্ষ সংগঠনের অন্যতম প্রধান গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ৷ ভোট গণনা নিয়ে সমাজমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগেই গ্রেফতার করা হয় গর্গ চট্টোপাধ্যায়কে৷
জানা গিয়েছে, কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিক স্মিতা পাণ্ডের অভিযোগের ভিত্তিতেই গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে৷ গণনার সময় ইভিএম হাতবদলের অভিযোগ তুলে সরব হয়েছিলেন গর্গ চট্টোপাধ্যায়৷ সেদিনই মিথ্যে তথ্য ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে কমিশনের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছিল৷ সেই অভিযোগের ভিত্তিতেই এ দিন সকালে দেশপ্রিয় পার্ক এলাকা থেকে গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়৷
পুলিশ সূত্রে খবর, এতদিন একজন সরকারি পিএসও অথবা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী পেতেন গর্গ৷ কীভাবে গর্গ চট্টোপাধ্যায়ের জন্য পিএসও মোতায়েন করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে৷
কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা এ দিন বলেন, নির্বাচনের সময় গর্গ চট্টোপাধ্যায় ইভিএম-এ কারচুপি নিয়ে অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করে রাজনৈতিক গোষ্ঠীকে আন্দোলনে নামার ডাক দিয়েছিলেন৷ যার জন্য সমাজে প্রতিক্রিয়া করা হয়েছিল। এই ভুয়ো পোস্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক৷ সেই অভিযোগের ভিত্তিতে গর্গ চট্টোপাধ্যায়কে দু বার তলবও করা হয়েছিল৷ তিনি হাজিরা না দেওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে৷
পুলিশ সূত্রে আরও খবর, গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে বারুইপুর পুলিশ জেলার একজন পুলিশ কর্মী ছিলেন৷ তাঁর কাছে থেকে কার্তুজ পাওয়া গিয়েছে। তবে গর্গের কাছ থেকে কোনও কার্তুজ পাওয়া যায়নি।
Kolkata,West Bengal
