Last Updated:
Honeymoon Murder: মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে নৃশংসভাবে খুনের অভিযোগ৷ এবার রাজা রঘুবংশীর হত্যা মামলায় অভিযুক্ত স্ত্রী সোনম রঘুবংশীকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট৷
নয়াদিল্লি: হানিমুনে গিয়ে খাদে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ স্বামীকে, রাজা রঘুবংশীর হত্যাকাণ্ড সাড়া ফেলে দেয় গোটা দেশে৷ খুনের অভিযোগে গ্রেফতার করা হয় স্ত্রী সোনম রঘুবংশী এবং তার প্রেমিক রাজ কুশাওয়াকে৷ অভিযুক্ত সোনম রঘুবংশীকে মঙ্গলবার বড় বার্তা দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, তাঁর সামনে দু’টি পথ খোলা রয়েছে, হয় আত্মসমর্পণ করতে হবে, নয়তো জামিন বাতিলের ঝুঁকির মুখে পড়তে হবে।
বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি পি বি ভারালের ডিভিশন বেঞ্চ মেঘালয় হাইকোর্টের জামিন বহাল রাখার নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের দায়ের করা আবেদন শুনানির সময় এই পর্যবেক্ষণ করে।
আদালত সোনমের আইনজীবীকে জানায়, যদি সোনম আপাতত আত্মসমর্পণ করেন, তাহলে ট্রায়াল কোর্টে গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হবে। এরপর মামলার অগ্রগতি দেখে তাঁর জামিনের আবেদন নতুন করে বিবেচনা করা হবে।
বেঞ্চ জানায়, “আপনার সামনে দু’টি বিকল্প রয়েছে। এক, আমরা এখনই মামলার মেরিট বিচার করে আদেশ দেব। দুই, গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আপনি আত্মসমর্পণ করুন। এরপর আমরা আপনার জামিনের আবেদন মেরিটের ভিত্তিতে বিবেচনা করব। আমরা আপনাকে চমকে দিতে চাই না। দ্বিতীয় বিকল্পটি আপনার পক্ষেই ভাল হতে পারে। নির্দেশ নিয়ে ফিরে আসুন।”
আদালত আরও জানায়, যদি সোনম দ্বিতীয় বিকল্পটি বেছে নেন, তাহলে ট্রায়াল কোর্টকে দ্রুত সরকারি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ করার নির্দেশ দেওয়া হবে এবং তারপর তাঁর জামিনের আবেদন পুনর্বিবেচনা করা হবে।
বিচারপতিরা বলেন, “আমরা দুই পক্ষের প্রতিই ন্যায্য থাকতে চাই। যদি দ্বিতীয় বিকল্প গ্রহণ করা হয়, তাহলে ট্রায়াল কোর্টকে সাক্ষ্যগ্রহণ দ্রুত শেষ করার নির্দেশ দেব। তারপর আপনার জামিনের আবেদন শুনব। অন্যথায় এখনই মেরিটের ভিত্তিতে শুনানি হবে।” সুপ্রিম কোর্ট সোনমকে আগামী ২৩ জুলাই, বৃহস্পতিবারের মধ্যে নিজের সিদ্ধান্ত জানাতে নির্দেশ দিয়েছে।
শুনানির সময় আদালত প্রশ্ন তোলে, গ্রেফতারের কারণ জানানো হয়নি— এই দাবি আগে কেন তোলা হয়নি? আদালতের পর্যবেক্ষণ, গ্রেফতারের নথিতে ভুলবশত ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৩ ধারার (খুন) পরিবর্তে ৪০৩ ধারা উল্লেখ করা হলেও, শুধুমাত্র এই ভুলের ভিত্তিতে জামিন দেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও সংশয় প্রকাশ করে সুপ্রিম কোর্ট।
এর আগে শিলং আদালত সোনম রঘুবংশীকে জামিন দেয়। আদালতের মতে, তদন্তকারী সংস্থা গ্রেফতারের প্রকৃত কারণ সঠিকভাবে জানাতে ব্যর্থ হয়েছে। গ্রেফতার মেমো, জাস্টিফিকেশন চেকলিস্ট, ইনস্পেকশন মেমো এবং কেস ডায়েরি-সহ একাধিক নথিতে ভুল করে BNS-এর ৪০৩(১) ধারা উল্লেখ করা হয়েছিল, যেখানে খুনের অভিযোগে প্রযোজ্য ধারা হল ১০৩(১)। আদালত জানায়, একই ভুল একাধিক নথিতে থাকায় সেটিকে শুধুমাত্র টাইপোগ্রাফিক্যাল বা ক্লারিক্যাল ভুল বলা যায় না।
Kolkata,West Bengal
