Last Updated:
নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাহুল গান্ধিদের বিক্ষোভকে ঘিরে বিতর্ক। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ, বিক্ষোভের জেরে তাঁর ছেলে পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছেছে। এদিকে দিল্লি পুলিশ রাহুল ও প্রিয়ঙ্কাকে আটক করলেও পরে রাহুলকে মুক্তি দেওয়া হয়।
নয়াদিল্লি: নিট-ইউজি (NEET-UG) ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হল। মঙ্গলবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধির অবস্থান-বিক্ষোভের জেরে তাঁর ছোট ছেলে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেনি।
এক্স (পুরোনো ট্যুইটার)-এ করা পোস্টে দুবে দাবি করেন, দিল্লির সাফদারজং লেনে তাঁর সরকারি বাসভবনের সামনে রাহুল গান্ধির ধর্নার কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে তাঁর ছেলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে প্রায় আধ ঘণ্টা দেরি করে। কটাক্ষ করে তিনি লেখেন, “রাহুল গান্ধির ধর্নার কারণে আমার ছেলে পরীক্ষায় দেরিতে পৌঁছেছে। এর দায় কি কংগ্রেস নেবে?”
मेरे सरकारी आवास सफदरजंग लेन के बाहर सड़क पर @RahulGandhi जी के धरने के कारण मेरे छोटे बेटे को परीक्षा सेंटर में आधे घंटे विलंब से पहुँचना पड़ा? शायद इसकी ज़िम्मेदारी @INCIndia पार्टी लेगी ? pic.twitter.com/1gdDP0kqwZ
— Dr Nishikant Dubey (@nishikant_dubey) July 21, 2026
এদিন নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি বঢরা-সহ একাধিক কংগ্রেস নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের দিকে মিছিল করেন। পথে লোক কল্যাণ মার্গের কাছে দিল্লি পুলিশ তাঁদের আটক করে। পরে রাহুল গান্ধিকে ছেড়ে দেওয়া হয়।
বিক্ষোভে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, এনসিপি (শরদচন্দ্র পওয়ার) সাংসদ সুপ্রিয়া সুলে, কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও অংশ নেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের দাবি, নিট (NEET) ইস্যুতে সংসদে আলোচনার অনুমতি দিলে রাহুল গান্ধি প্রথমে বিক্ষোভ প্রত্যাহারে রাজি হয়েছিলেন। তবে, পরে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকেও নতুন শর্ত হিসেবে যোগ করেন। জিতেন্দ্র সিং আরও অভিযোগ করেন, ওই স্থানে বিক্ষোভের অনুমতি নেই বলে জানানো হলেও রাহুল গান্ধি সেখান থেকে সরে যেতে অস্বীকার করেন। পাশাপাশি, নিট ইস্যুতে সংসদে আলোচনার দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক নোটিসও জমা দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
Kolkata,West Bengal
