Last Updated:
ICDS Center: বারুইপাড়া ডাঙ্গাপাড়া আইসিডিএস কেন্দ্রে দীর্ঘ ১৫ বছর ধরে বিদ্যুৎ সংযোগ নেই। চরম দুর্ভোগের শিকার হচ্ছে খুদে শিশুরা। আইসিডিএস কর্মীর অভিযোগ, কেন্দ্রে আলোর ব্যবস্থা, ছাদের ফ্যান এমনকী বিদ্যুৎচালিত জলের পাম্প বসানো হয়েছে। তবে বিদ্যুৎ সংযোগের অভাবে কোনোটিই ব্যবহার করা যাচ্ছে না। ফলে চরম সংস্যায় পড়ছে খুদেরা।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: একবছর বা দু’বছর ধরে না। প্রায় ১৫ বছর ধরে বিদ্যুৎহীন আইসিডিএস কেন্দ্র, বিশুদ্ধ পানীয় জলেরও সংকট। যদিও আছে ফ্যান, লাইট, সুইচ ও জলের মেশিন।কিন্তু নেই বিদ্যুৎ সংযোগ। যে কারণে চরম ভোগান্তিতে কচিকাঁচারা। মুর্শিদাবাদের হরিহরপাড়ার বারুইপাড়া ডাঙ্গাপাড়া আইসিডিএস কেন্দ্রের বেহাল পরিকাঠামোর চিত্র সামনে এসেছে। অভিযোগ, প্রায় ১৫ বছর ধরে এই আইসিডিএস কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই।
ফলে অসহনীয় গরমে চরম কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের। শুধু বিদ্যুৎই নয়, বিশুদ্ধ পানীয় জলেরও তীব্র সংকট রয়েছে বলে অভিযোগ উঠেছে। আইসিডিএস কর্মী দিপালী বিশ্বাস জানান, কেন্দ্রে ফ্যান রয়েছে, আলোর ব্যবস্থা রয়েছে, এমনকি একটি বিদ্যুৎচালিত জল তোলার মোটরও বসানো আছে। কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকায় সেগুলোর কোনোটিই ব্যবহার করা সম্ভব হয় না। ফলে গরমের দিনে শিশুদের যেমন সমস্যায় পড়তে হয়, তেমনই পানীয় জলের জন্যও প্রতিদিন ভোগান্তির শিকার হতে হয়।
আরও অভিযোগ, এই সমস্যার কথা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘ ১৫ বছর ধরে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি কেন্দ্রটি চালিয়ে আসছেন বলে জানান।গ্রামের অভিভাবকদের অভিযোগ, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানীয় জলের মতো ন্যূনতম পরিষেবা না থাকায় শিশুদের আইসিডিএস কেন্দ্রে পাঠাতে উদ্বেগে থাকতে হয়। গরমের মধ্যে ছোট ছোট শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়েও প্রশ্ন উঠছে।
এখন প্রশ্ন উঠছে, কবে এই আইসিডিএস কেন্দ্রে পৌঁছাবে বিদ্যুৎ? কবে মিলবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা? দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো সত্ত্বেও কেন সমস্যার সমাধান হয়নি, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। যদিও কবে এই সমস্যার সমাধান হবে তার দিকে তাকিয়ে আছেন গ্রামের বাসিন্দারা। যদিও জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, কি কারণে ঐ আইসিডিএস সেন্টারে এখনও পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা পৌঁছায়নি তা খতিয়ে দেখা হবে।
Murshidabad,Murshidabad,West Bengal