Last Updated:
IIT Kharagpur: আধুনিক প্রযুক্তি, এআই এবং বলিষ্ঠ নেতৃত্বের মেলবন্ধনে শিশু পাচার ও শিশু শ্রম রোখার নতুন ব্লু-প্রিন্ট তৈরি করছে আইআইটি খড়গপুর। দেশের ৭৮২টি জেলার প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে আয়োজিত এই ঐতিহাসিক উদ্যোগের বিষয়ে জানুন।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: দেশের ভবিষ্যৎ প্রজন্মের সার্বিক উন্নতি এবং অধিকার রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে আইআইটি খড়গপুর। আগামী ২৭ জুলাই থেকে নয়াদিল্লির ঐতিহাসিক কনস্টিটিউশন ক্লাবে শুরু হতে চলেছে চার দিনের এক বিশেষ জাতীয় আলোচনা চক্র ও রূপরেখা নির্ধারণের বৈঠক। চলবে ৩০ জুলাই পর্যন্ত। এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে আইআইটি খড়গপুরের ‘পার্থ ঘোষ স্কুল অফ লিডারশিপ’ (পিজিএসএল) প্রধান প্রযুক্তি ও নেতৃত্ব প্রদানকারী অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে। শিশু অধিকার এবং কল্যাণে নিবেদিত সমাজসেবী সংগঠন ‘জাস্ট রাইটস ফর চিলড্রেন’-এর সঙ্গে যৌথ উদ্যোগেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামী দিনে এই উদ্যোগ দেশের শিশুদের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী হতে চলেছে। আধুনিক প্রযুক্তি এবং বলিষ্ঠ নেতৃত্বের মেলবন্ধনে দেশের প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভার কীভাবে পূর্ণাঙ্গ বিকাশ ঘটান সম্ভব, মূলত সেই পথ খুঁজতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম মেধা এবং ডেটা অ্যানালিটিক্সকে হাতিয়ার করে শিশু পাচার বা শিশু শ্রমের মতো অপরাধগুলি যেমন সহজে চিহ্নিত করা যাবে, তেমনই শিক্ষাক্ষেত্রেও বড় রূপান্তর আনা সম্ভব হবে। প্রত্যন্ত এলাকার শিশুরাও যাতে শহরের শিশুদের মত শিক্ষার সমান সুযোগ পায়, তা সুনিশ্চিত করা হবে এই প্রযুক্তিগত কাঠামোর মাধ্যমে।
এই কর্মসূচির অন্যতম উল্লেখযোগ্য দিক হল এর সর্বভারতীয় ব্যাপ্তি। দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৭৮২টি জেলার প্রতিনিধিরা এই মেগা সম্মেলনে অংশ নিতে চলেছেন। এর ফলে একেবারে তৃণমূল স্তরের বাস্তব সমস্যা ও প্রান্তিক মানুষের অভিজ্ঞতার কথা উঠে আসবে জাতীয় মঞ্চে। বিশেষজ্ঞদের মতে, প্রত্যন্ত এলাকার এই আঞ্চলিক অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়েই আগামী দিনে প্রযুক্তিনির্ভর এবং বাস্তবসম্মত জাতীয় নীতি প্রণয়ন করা অনেক সহজ হবে।
আইআইটি খড়গপুরের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানের প্রযুক্তিগত দক্ষতা এবং ‘জাস্ট রাইটস ফর চিলড্রেন’-এর তৃণমূল স্তরে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা এক হলে, তা সমাজ পরিবর্তনে বড় ভূমিকা নেবে। শিশুদের জন্য শুধু নিয়ম না বানিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কীভাবে তা কার্যকর করা যায়, তার রূপরেখা তৈরি করবে পিজিএসএল। এই সুসংহত পরিকাঠামো আগামী দিনে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অত্যন্ত ভাল ও সুরক্ষিত পরিবেশ গড়ে তুলবে।
Paschim Medinipur,West Bengal
