Last Updated:
স্টেশন ও ট্রেনে পরিচ্ছন্নতা বজায় রাখতে ‘Eastern Railway Is Watching You’ অভিযানে CCTV-র মাধ্যমে নোংরা ফেলা, থুতু ফেলা ও নিষিদ্ধ স্থানে প্রস্রাবকারীদের চিহ্নিত করছে পূর্ব রেল। অভিযানের প্রথম দিনেই ৬৯টি ঘটনা শনাক্ত করে মোট ১৩,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
যাত্রী স্বাচ্ছন্দ্য ও পরিচ্ছন্নতার মান বাড়াতে পূর্ব রেলের পক্ষ থেকে বিভিন্ন স্টেশন ও ট্রেনে এক ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর “ইস্টার্ন রেলওয়ে ইজ ওয়াচিং ইউ” (পূর্ব রেল আপনার ওপর নজর রাখছে) শীর্ষক এই বিশেষ অভিযানের সূচনা করেন। এই উদ্যোগের মূল বৈশিষ্ট্য হল হাওড়া ডিভিশন জুড়ে পরিচ্ছন্নতার নিয়ম লঙ্ঘনকারীদের চিহ্নিত করতে সিসিটিভি (CCTV) নজরদারির কার্যকর ব্যবহার। এই অভিযানের অধীনে, নিষিদ্ধ স্থানে নোংরা ফেলা, থুতু ফেলা এবং প্রস্রাব করার মতো কাজে লিপ্ত ব্যক্তিদের সনাক্ত করতে সিসিটিভি ক্যামেরা ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। রেল চত্বর পরিষ্কার রাখার অঙ্গীকারকে আরও জোরদার করতে দোষীদের প্রচলিত নিয়ম অনুযায়ী জরিমানা করা হচ্ছে।
অভিযানের প্রথম দিনেই এই এনফোর্সমেন্ট অ্যাকশন বা আইন প্রয়োগকারী পদক্ষেপের হাতেনাতে ফল মিলেছে। হাওড়া ডিভিশনে এই সমস্ত অপরাধ সনাক্ত করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। যেখানে নোংরা ফেলার জন্য কর্মকর্তারা ৫০টি ঘটনা সনাক্ত করেছেন এবং জরিমানা বাবদ ১০,০০০ টাকা আদায় করেছেন। এছাড়াও কর্মকর্তারা নিষিদ্ধ স্থানে প্রস্রাব করার অপরাধে ১৭ জনকে ধরেছেন এবং জরিমানা হিসেবে ৩,৪০০ টাকা আদায় করেছেন। পাশাপাশি নজরদারির মাধ্যমে থুতু ফেলার ২টি ঘটনা সনাক্ত করে ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এই উদ্যোগটি সতর্ক নজরদারি এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ভ্রমণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পূর্ব রেলের দৃঢ় সঙ্কল্পকে তুলে ধরে। পরিচ্ছন্নতা বজায় রেখে এবং রেলের নিয়মকানুন মেনে চলার মাধ্যমে যাত্রীদের পূর্ণ সহযোগিতা করার জন্য জোরালো অনুরোধ জানানো হচ্ছে; কারণ যাত্রীদের দায়িত্বশীল আচরণ এবং কার্যকর নজরদারি যৌথভাবে সকলের জন্য আরও পরিচ্ছন্ন, নিরাপদ এবং মনোরম রেল স্টেশন ও ট্রেন গড়ে তুলতে সাহায্য করবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো যাত্রীদের একটি বিশ্বমানের ও স্বাস্থ্যকর ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করা। আমরা সকলকে আমাদের সাথে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি, কারণ একটি পরিচ্ছন্ন রেল তখনই সম্ভব যখন আধুনিক নজরদারির সাথে যাত্রীদের দায়িত্বশীল আচরণের মেলবন্ধন ঘটবে।”
Kolkata,West Bengal
