Last Updated:
Jangipur Super Specialty Hospital: জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা উন্নত করতে এবং পরিকাঠামোগত অভিযোগের তদন্তে নামল জেলা স্বাস্থ্য দফতর। সম্প্রতি রোগীদের সুবিধার্থে অনলাইন আউটডোর টিকিট চালুর হয়েছে। এবার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল হাসপাতালের আউটডোর, ব্লাড ব্যাঙ্ক, নতুন-পুরনো ভবন ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হচ্ছে আমূল পরিবর্তন। ইতিমধ্যেই রোগীদের কথা মাথায় রেখেই চালু করা হয়েছে অনলাইন আউটডোর টিকিট। এবার আরও হাসপাতালকে ঢেলে সাজাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য দফতরের উচ্চপর্যায়ের পরিদর্শন। অন্যদিকে তদন্তের পর বেসরকারি প্যাথলজি ও ওষুধের দোকানেও অভিযান চলল। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও পরিষেবা সংক্রান্ত অভিযোগ সামনে আসছিল।
তারই পরিপ্রেক্ষিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যালের নেতৃত্বে স্বাস্থ্য দফতরের একটি উচ্চপর্যায়ের দল হাসপাতাল পরিদর্শনে আসে। তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিক। সূত্রের খবর, হাসপাতালের চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো, রোগী পরিষেবা, ব্লাড ব্যাংকের কার্যক্রম এবং নতুন ও পুরনো হাসপাতাল ভবন-সহ একাধিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে জেলা স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ জমা পড়েছিল। সেই সমস্ত অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করতেই এই বিশেষ পরিদর্শনের আয়োজন করা হয়। এদিন স্বাস্থ্য দফতরের দল হাসপাতালের আউটডোর, ব্লাড ব্যাংক, বিভিন্ন ওয়ার্ড, নতুন ও পুরনো ভবন-সহ প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন।
চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিষেবার মানও খতিয়ে দেখা হয়। তবে হাসপাতাল পরিদর্শনেই অভিযান থেমে থাকেনি। হাসপাতাল থেকে বেরিয়েই জঙ্গিপুর শহরের একাধিক বেসরকারি প্যাথলজি সেন্টার ও ওষুধের দোকানে নথিপত্র যাচাই করতে পৌঁছে যায় জেলা স্বাস্থ্য দফতরের দল। স্বাস্থ্য দফতরের গাড়ি এলাকায় পৌঁছতেই কয়েকটি প্যাথলজি সেন্টারের মালিক শাটার নামিয়ে সেখান থেকে সরে যান বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে একাধিক প্যাথলজি ও ওষুধের দোকানে গিয়ে লাইসেন্স, অনুমোদন-সহ প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা। পরিদর্শনের সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে নথিপত্র সংক্রান্ত অসঙ্গতি ধরা পড়েছে বলেও স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
সংশ্লিষ্ট প্যাথলজি সেন্টারের মালিকদের প্রয়োজনীয় নথি নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল জানান, হাসপাতালের প্রতিটি বিভাগ এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য পরিষেবা খুঁটিয়ে দেখা হচ্ছে। কোথায় কী ধরনের সমস্যা রয়েছে, তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে আরও চিকিৎসা ব্যবস্থা উন্নত করা হচ্ছে। পাশাপাশি, বেসরকারি প্যাথলজি ও ওষুধের দোকানে ধরা পড়া অসঙ্গতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত জবাব দেন, “খুব তাড়াতাড়ি দেখতে পাবেন কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” স্বাস্থ্য দফতরের এই আকস্মিক পরিদর্শন ও নথিপত্র যাচাই অভিযানে জঙ্গিপুরের বেসরকারি স্বাস্থ্য পরিষেবা মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Murshidabad,Murshidabad,West Bengal
Jul 22, 2026 12:06 PM IST