Last Updated:
কাকলির নেতৃত্বেই প্রথমে লোকসভায় তৃণমূল সাংসদদের বিদ্রোহ শুরু হয়৷ একে একে সেই দলে নাম লেখান শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো পুরনো মুখরাও৷
গত প্রায় ১৭ বছর ধরে তাঁর পরিচয় ছিল তিনি বারাসতের তৃণমূল সাংসদ৷ কিন্ত এখন তিনি এনসিপিআই-এর প্রতিনিধি৷ তাই নিজের সংসদীয় এলাকাতেও এবার নতুন করে জনসংযোগে নামছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ নিজের সংসদীয় এলাকার বাসিন্দাদের সঙ্গে জন সংযোগ অভিযান শুরু করছেন বারাসতের সাংসদ৷ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, এবার থেকে প্রত্যেক রবিবার উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামে তাঁর বাসভবনেই সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন তিনি৷ প্রতি রবিবার বিকেল ৩ থেকে ৫টা পর্যন্ত এই জনসংযোগ অভিযান করবেন লোকসভায় এনসিপিআই দলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার৷
সমাজমাধ্যমে বারাসতের সাংসদ জানিয়েছেন, জনসংযোগই গণতন্ত্রের মূল ভিত্তি। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে, আপনাদের সমস্যা, অভিযোগ, মতামত ও পরামর্শ শুনতে শুরু করছি “জন সংযোগ অভিযান”। বারাসাত লোকসভা কেন্দ্রের সকল নাগরিক ও তৃণমূল স্তরের দলীয় কর্মীদের আন্তরিক আমন্ত্রণ। আপনাদের কথা শুনে সমস্যার সমাধানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করাই আমার অঙ্গীকার।
সংসদে এনসিপিআই-কে স্বীকৃতি
এ দিকে তৃণমূলের আপত্তিকে কার্যত অগ্রাহ্য করেই সংসদে এনসিপিআই-কে স্বীকৃতি দিয়ে দিল কেন্দ্রীয় সরকার৷ সংসদের বাদল অধিবেশন শুরুর আগে আগামিকাল কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে ডাক পেয়েছে এনসিপিআই৷ সেই বৈঠকে যোগ দেওয়ার কথা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের৷ শুধু তাই নয় এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেছেন লোকসভায় এনসিপিআই-এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷
এর পাশাপাশি লোকসভার অধ্যক্ষের কাছে বিদ্রোহী তৃণমূল সাংসদরা আলাদা ব্লক হিসেবে সংসদে বসার যে অনুরোধ করেছিলেন, তাও অনুমোদন করেছেন অধ্যক্ষ৷ সূত্রের খবর, লোকসভায় কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের বিদ্রোহ কুড়ি জন সাংসদের জন্য আলাদা বসার ব্যবস্থা হচ্ছে৷ যদিও এখনও এই কুড়ি জন সাংসদদকে এনসিপিআই সাংসদ হিসেবে উল্লেখ করা হয়নি লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে৷
Kolkata,West Bengal
Jul 18, 2026 10:36 PM IST
