Last Updated:
উর্দি পরা অবস্থায় কালীঘাট থানার ওসি কীভাবে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি দিলেন, সেই প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ জানায় তৃণমূল৷৷
সমাজমাধ্যমে বিতর্কিত ছবি পোস্ট করার জেরে কালীঘাট থানার ওসিকে সাসপেন্ড করল লালবাজার৷ গতকলাই কালীঘাট থানার ওসি-র বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ শাসক দলের অভিযোগ ছিল, উর্দি পরা অবস্থায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি পোস্ট করেছিলেন কালীঘাট থানার ওসি৷
তৃণমূলের অভিযোগ পাওয়ার পর কালীঘাট থানার ওসি-র বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল৷ এর পরই আজ দুপুরে কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করার নির্দেশ জারি করে লালবাজার৷ উল্টোডাঙা মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার দায়িত্ব নিতে বলা হয়েছে৷
গত রবিবারই কালীঘাট থানার ওসি বদল করেছিল নির্বাচন কমিশন৷ নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গৌতম দাস৷ এক সপ্তাহের মধ্যে তাঁকেও সরে যেতে হল৷
To,
The Chief Election commissioner of India, New Delhi
With copy to:
CEO, West Bengal
Commissioner of Police, Kolkata.
From:
Jay Prakash Majumdar
Vice President
West Bengal Trinamool Congress
Respected Sirs,
On behalf the common people of West Bengal I hereby lodge… pic.twitter.com/6actZdYXmz
— Jay Prakash Majumdar (@Jay_Majumdar) May 1, 2026
প্রসঙ্গত, গতকাল রাতেই কমিশনে কালীঘাট থানার ওসি-র নামে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে অভিযোগ করেন, কর্তব্যরত অবস্থায় উর্দি পরেই হাতে অত্যাধুনিক অস্ত্র নিয়ে সমাজমাধ্যমে ছবি পোস্ট করেছেন কালীঘাট থানার ওসি৷
শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই ভাবে উর্দি পরে সমাজমাধ্যমে ছবি পোস্ট করতে পারেন না পুলিশকর্মীরা৷ তার উপর, ভারত সরকারের সর্বশেষ প্রোটোকল অনুযায়ী এই ভাবে আগ্নেয়াস্ত্রের ছবিও সমাজমাধ্যমে পোস্ট করা যায় না বলে অভিযোগ করে তৃণমূল৷
ওই পুলিশ অফিসারকে এই ধরনের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পুলিশের পক্ষ থেকেই দেওয়া হয়েছে কি না এবং এ রকম আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ ওই পুলিশ অফিসার পেয়েছেন কি না, সেই প্রশ্নও তোলে শাসক দল৷
Kolkata,West Bengal
