Last Updated:
West Bengal Assembly Elections Re-Poll: দুপুর ১ টা পর্যন্ত মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৫৬.৩৩% এবং ডায়ামন্ড হারবারে ভোট পড়েছে ৫৪.৯%৷
কলকাতা: রাজ্যে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ৷ ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল দু’দফায় ভোটগ্রহণে প্রথম দফা মোটামুটিভাবে শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় দফায় বেশ কয়েকটি জায়গায় অশান্তির খবর পাওয়া যায়৷ বিভিন্ন অভিযোগের কারণে ডায়মন্ড হারবার এবং মগরাহাট, এই দুই কেন্দ্রে পুননির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন৷
কমিশন সূত্রে জানা গিয়েছে, দুপুর ১ টা পর্যন্ত মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৫৬.৩৩% এবং ডায়ামন্ড হারবারে ভোট পড়েছে ৫৪.৯%৷ মগরাহাট পশ্চিমে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮.২% এবং ডায়ামন্ড হারবারে পড়েছে ৩৫.৯২%৷
গত শুক্রবার নির্বাচন কমিশন শনিবার এই দুই কেন্দ্রে পুননির্বাচনের নির্দেশ দেয়৷ শনিবার সকাল ৭টা বাজতে না বাজতেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ৷ ১৪২ নম্বর বিধানসভা কেন্দ্র মগরাহাট পশ্চিমের ১১টি কেন্দ্রে এবং ১৪৩ নম্বর বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ৪ টি বুথে ভোটগ্রহণ চলছে৷
নির্বাচনী অবজার্ভারের স্ক্রুটিনির প্রেক্ষিতে এই দু’টি কেন্দ্রে গত ২৯ এপ্রিল যে ভোটগ্রহণ হয়েছিল, তা ১৯৫১-এর ধারা ৫৮(২) অনুযায়ী বাতিল ঘোষণা করা হয়েছে৷ তারপরে, রি-পোলের জন্য ২ মে ফের ভোটগ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন৷
একতারা মলয়া প্রাথমিক বিদ্যালয়ে সকাল সকাল শুরু হল ভোট। মগরাহাট পশ্চিম বিধানসভায় দ্বিতীয়বার ভোট দেওয়ার জন্য সকাল থেকে লম্বা লাইন দেখা যায়। পুনর্নির্বাচন চলছে, সকাল সাতটায় শুরু হয়েছে নির্বাচন চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত৷ বুথে প্রবেশ করার সময় ভোটারদের আইডি মোবাইল ফোন চেক করে তবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে ভোটারদের৷ হাতে দু’টো কালির দাগ নিয়ে নির্বাচনী কেন্দ্র থেকে বেরিয়ে আসছেন ভোটাররা৷
Kolkata,West Bengal
