Last Updated:
Khudiram Tudu Minister: জঙ্গলমহলের বাগডুবি থেকে মন্ত্রিসভায়! পূর্ণমন্ত্রী ক্ষুদিরাম টুডুকে ঘিরে উচ্ছ্বাস ১৫ বছর পর জঙ্গলমহল পেল পূর্ণমন্ত্রী, রাস্তা-জল-ইন্টারনেট সমস্যার সমাধানের দাবি স্থানীয়দের
বাঁকুড়া : জঙ্গলমহলের প্রত্যন্ত বাগডুবি গ্রামে এখন উৎসবের আবহ। কারণ, রানিবাঁধ বিধানসভার বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডু রাজ্যের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। বাঁকুড়া জেলা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের বারিকুল থানার এই গ্রামেই কেটেছে তাঁর শৈশব ও শিক্ষাজীবন। গ্রামের ছেলে রাজ্যের মন্ত্রী হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে গোটা এলাকা জুড়ে। শনিবার তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীদের মধ্যেও উচ্ছ্বাস চোখে পড়ার মত।
পেশায় শিক্ষক ক্ষুদিরাম টুডুর রাজনৈতিক লড়াইও কম দীর্ঘ নয়। ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রানিবাঁধ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেও দু’বারই পরাজয়ের মুখ দেখতে হয়েছিল তাঁকে। তবে এবারের নির্বাচনে জয় ছিনিয়ে নিয়ে তিনি বিধায়ক হন। এরপর রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পান ক্ষুদিরাম টুডু। দীর্ঘ রাজনৈতিক অধ্যবসায়ের পর এই সাফল্যে গর্বিত তাঁর অনুগামী ও এলাকাবাসী।
জঙ্গলমহলে দীর্ঘদিন পর কোনও বিধায়কের পূর্ণমন্ত্রী হওয়ার ঘটনাও আলাদা তাৎপর্য বহন করছে। প্রায় ১৫ বছর আগে বাম আমলে রাইপুর বিধানসভার বিধায়ক উপেন কিস্কু পূর্ণমন্ত্রী হয়েছিলেন। সেই ইতিহাসের পর ফের জঙ্গলমহলের প্রতিনিধি হিসেবে একজন পূর্ণমন্ত্রী পাওয়ায় নতুন করে আশার আলো দেখছেন এলাকার মানুষ। তাঁদের মতে, এবার হয়তো দীর্ঘদিনের নানা বঞ্চনা ও সমস্যার সমাধানের পথ খুলতে পারে।
তবে আনন্দের মাঝেই নতুন মন্ত্রীর কাছে একাধিক প্রত্যাশার কথাও তুলে ধরছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এখনও এই অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, শিক্ষা পরিকাঠামো এবং রাস্তা-ঘাটের উন্নয়ন যথেষ্ট নয়। পাশাপাশি পড়ুয়াদের বড় সমস্যা দুর্বল মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা। অনলাইন পড়াশোনায় বারবার সমস্যায় পড়তে হওয়ায় নতুন মন্ত্রীর কাছে দ্রুত এই সমস্যাগুলির সমাধানের দাবি তুলেছে গ্রামবাসী ও ছাত্রছাত্রীরা।
Neelanjan Banerjee
May 09, 2026 11:26 PM IST
Khudiram Tudu Minister: বাঁকুড়া শহর থেকে ৮০ কিমি দূরে বাগডুবি গ্রামে কেটেছে শৈশব, জঙ্গলমহল থেকে ১৫ বছর বাদে বিজেপি মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ক্ষুদিরাম টুডু