Last Updated:
রাজ্যের গণপরিবহণকে আরও আধুনিক করতে কলকাতা ও সংলগ্ন এলাকায় ৩টি নতুন এসি বাস রুট চালুর ঘোষণা করা হয়েছে। দুর্গাপুজোর আগেই পরিষেবা শুরু হওয়ার কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: রাজ্যের গণপরিবহণকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে চালু হচ্ছে ৩টি নতুন এসি বাস রুট। এর ফলে কলকাতা ও সংলগ্ন এলাকার যাতায়াত হবে আরও সহজ, দ্রুত ও আরামদায়ক। নতুন রুটগুলি হল AC-58: ইকোস্পেস থেকে সোনারপুর। AC-24 ঢালাই ব্রিজ (পাটুলি) থেকে হাওড়া স্টেশন এবং AC-57 কল্যাণী বড় জাগুলি মোড় থেকে করুণাময়ী। এই সমস্ত রুটে দিনে একাধিকবার যাতায়াত করবে বাস। পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রেরণা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গের গণপরিবহণ ব্যবস্থায় আসতে চলেছে আরও এক বড় পরিবর্তন।’
তিনি আরও বলেন, ‘রাজ্যের সাধারণ মানুষের যাতায়াতকে আরও উন্নত, নিরাপদ, আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় করতে পরিবহণ দফতর একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন রুটে পর্যায়ক্রমে ৪৭০টি নতুন ইলেকট্রিক, সিএনজি ও ডিজেল বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।’
সোশ্যাল মিডিয়ায় এই তথ্য শেয়ার করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সেখানেই তিনি লিখছেন, ‘পশ্চিমবঙ্গে গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে চালু হচ্ছে নতুন তিনটি এসি বাস। এই নতুন রুটগুলি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, স্বাস্থ্য পরিষেবা ও পরিবহণ কেন্দ্রগুলির মধ্যে আরও উন্নত সংযোগ নিশ্চিত করবে।’
সম্প্রতি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কলকাতাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর শহর হিসেবে গড়ে তুলতে একাধিক উদ্যোগের কথা জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে ডিজিট্যাল হোর্ডিং এবং স্মার্ট ডিজিট্যাল বাসস্ট্যান্ড তৈরি করা হচ্ছে। প্রথম পর্যায়ে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোডকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি স্থানে ইতিমধ্যেই ডিজিট্যাল হোর্ডিং বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। সপ্তাহান্তে ওই হোর্ডিংগুলিতে বিশ্বকাপ ফুটবলের খেলাও সম্প্রচার করা হয়েছে। এরই মধ্যে শহরে আরও তিনটি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস পরিষেবা চালু হলে যাত্রীদের যাতায়াতে সুবিধা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
Kolkata,West Bengal
Jul 05, 2026 10:13 AM IST
