Last Updated:
দেবরাজ চক্রবর্তীর তোলাবাজির মামলায় হেফাজতের মেয়াদ শেষ হলে সম্পত্তি বহির্ভূত সম্পদ মামলার তদন্ত শুরু করবে সিট। তদন্তের প্রয়োজনে অদিতি মুন্সিকেও জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনে দু’জনকে মুখোমুখি বসানো হতে পারে।
কলকাতাঃ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজির মামলায় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাঁর এবং অদিতি মুন্সির বিরুদ্ধে সম্পত্তি বহির্ভূত সম্পদ সংক্রান্ত মামলার তদন্ত শুরু করবে বিশেষ তদন্তকারী দল (সিট)।
সূত্রের খবর, বর্তমান হেফাজতের মেয়াদ শেষ হলে দেবরাজ চক্রবর্তীকে বারাসাত আদালতে পেশ করে বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির দায়ের করা মামলায় তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ওই মামলাটি ভোটের আগে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের করা হয়েছিল।
ওই মামলায় হেফাজতে নিয়ে দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের পর অদিতি মুন্সিকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
প্রয়োজনে তদন্তের স্বার্থে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সিকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সম্পত্তি বহির্ভূত সম্পদ সংক্রান্ত মামলায় দু’জনের বয়ান মিলিয়ে দেখার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
গত বুধবার, পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয় তৃণমূল কাউন্সিলার দেবরাজ চক্রবর্তীকে। উত্তর ২৪ পরগনার জেলার যুব তৃণমূলের নেতা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন দেবরাজ৷ পরে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর আপ্তসহায়ক হিসাবেও কাজ করেন। সেই পূর্ণেন্দু বসুর কাছ থেকেই ২০১৩ সালে বিধাননগর পুরসভার উপনির্বাচনের টিকিটের চেয়েছিলেন,কিন্তু পাননি। ২০১৫ সালেও তাঁর একই অনুরোধ ফিরিয়ে দিয়েছিলেন পূর্ণেন্দু।
তারপরই ২০১৫ সালে কংগ্রেসের হাত ধরেন দেবরাজ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত থেকে দেবরাজ তুলে নেন কংগ্রেসের পতাকা। বিধাননগর পুরনিগম এলাকার ৭ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবং ভোটে জিতেছিলেন বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। তারপর কংগ্রেসের কাউন্সিলর হিসাবে শপথ নেন দেবরাজ।
তবে কয়েকমাসের মধ্যে ঘরে ফিরে আসেন ঘরের ছেলে৷ তৃণমূলে ভবনে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। মাত্র কয়েক মাস যেতে না যেতেই অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত হন দেবরাজ। এবং রাজনীতির ময়দানে নিজের জায়গা করে নেন। বিধাননগর তথা উত্তর ২৪ পরগনা জেলার একজন দাপুটে নেতা হিসেবেই দেবরাজ নিজেকে প্রতিষ্ঠিত করেন। এরপরেই পূর্ণেন্দু বসুকে সাইড করে নিজের স্ত্রী অদিতি মুন্সিকে টিকিট পাইয়ে দেন দেবরাজ৷ ২০২১ সালে বিধানসভা নির্বাচনে অদিতি মুন্সিকে বিধায়ক পদের প্রার্থী হওয়ার টিকিট দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতে রাজারহাট-গোপালপুর কেন্দ্রের বিধায়ক হন অদিতি। দাপুটে নেতা দেবরাজের সুপারিশেই বিধায়ক হন গায়িকা স্ত্রী অদিতি মুন্সি৷ তবে এবছর রাজারহাট-গোপালপুর কেন্দ্রে হেরেছেন অদিতি মুন্সি৷
Kolkata,West Bengal
Jul 05, 2026 12:33 PM IST
