Last Updated:
Koustav Bagchi: এদিন বিধানসভায় পিএসি কমিটি নিয়েও সিদ্ধান্ত হয়৷ জমা পড়ে ২০ সদস্যের নাম৷ তার মধ্যে ছিলেন কালীঘাট পন্থী ১ বিধায়ক এবং ঋতপন্থী ৫ বিধায়কের নাম৷
কলকাতা: বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভার প্রাক্তন স্পিকার তথা বর্তমানে বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি৷
এদিন বিধানসভার গাড়ি ব্যক্তিগত ভাবে ব্যবহারের অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি। পাশাপাশি উঠেছে বিধানসভার নাম নিয়ে পেট্রোল পাম্প থেকে তেল ভরার অভিযোগও। বিধানসভার এই দুর্নীতি নিয়ে এবার জিরো আওয়ারে প্রসঙ্গ টানলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি।
এদিন কৌস্তভ বাগচি বলেন, ‘‘তৃণমূল বিগত পনেরো বছরে শুধু চুরি জোচ্চুরি করেনি এমন কোনও কাজ নেই, এমনকি বিধানসভার গাড়ি অনৈতিকভাবে ব্যবহার করার মতো কাজও করা হয়েছে।’’
তাঁর অভিযোগ, বিগত বিধানসভার অধ্যক্ষের অত্যন্ত ঘনিষ্ঠ মইসুদ্দিন মন্ডল নামে একজনকে নিয়োগ করা হয়েছিল (ডেপুটি সিকিউরিটি) পদে৷ অভিযোগ, তিনি বিধানসভার কাজ ছাড়া ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার করেছেন। পুজোর সময় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বা বেসরকারি পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরানো ইত্যাদি করেছেন। একজন বিধানসভার স্টাফ হয়েও তিনি বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন।
বিজেপি বিধায়কের দাবি, প্রাক্তন অধ্যক্ষের ঘনিষ্ঠ এই ব্যক্তির বিরুদ্ধে আরও অভিযোগ শোনা যায় যে, তিনি বিধানসভার একাধিক কর্মীকে হুমকি ধমকি দিতেন। এছাড়া, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় তাঁর ঘরের সামনে ‘হাওয়াই চটির স্তূপ’ রেখে দেওয়ার ঘটনা ঘটেছিল। এই ব্যক্তি সেই কাজে নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ করেন কৌস্তভ। এর বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত করার আহ্বান জানিয়েছি আজ বিধানসভার অধিবেশনের জিরো আওয়ারে।
