Last Updated:
প্রাক্তন মেয়র হিসেবে তারাতলা কাণ্ডের দায় ফিরহাদ হাকিম এড়াতে পারেন না বলে আগেও তাঁর গ্রেফতারির দাবি তুলেছিলেন কুণাল ঘোষ৷ একই দাবি করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও৷
তারাতলা কাণ্ডে বিকেল পাঁচটার মধ্যে ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি জানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ৷ আজ বিকেলেই কলকাতা পুরসভায় তৃণমূলের বিক্ষুব্ধ প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে বৈঠক রয়েছে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের৷ সেই বৈঠক শুরুর আগেই ফিরহাদকে গ্রেফতার করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে দাবি জানালেন কুণাল ঘোষ৷
কুণাল ঘোষ বলেন, ‘ফিরহাদ হাকিম যদি কাউন্সিলরদের নিয়ে আজ বিকেলে ঋতব্রত বন্দোপাধ্যায়ের মিটিংয়ে যান। তাহলে প্রমাণিত হবে মুখ্যমন্ত্রীর বিধানসভায় দেখানো কাগজ আসলে চাপ তৈরি করা। আর যদি বিকেল ৫ টার আগে ফিরহাদ হাকিমকে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বুঝব শুভেন্দু অধিকারী হৃদয় থেকে, গরিব মানুষের জন্যে কথা বলছেন। অবিলম্বে বিকেল ৫ টার আগে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা উচিত। নাহলে বুঝতে হবে ন্যায়বিচারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথার সম্পর্ক নেই। বক্তব্যের বিশ্বাসযোগ্যতা রাখতে গ্রেফতার করতে হবে।’
কুণাল ঘোষের আরও দাবি, তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্তা কালীচরণ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমেরই লোক। কুণাল ঘোষ এ দিন আরও দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বারবার এই কালীচরণকে সরিয়ে দিতে বলা হয়েছিল৷ কালীচরণ যে পুরসভায় নিজস্ব চক্র চালাচ্ছেন, সে বিষয়েও সতর্ক করা হয়েছিল বলে দাবি কুণালের৷ এক্ষেত্রেও নাম না করে ফিরহাদের দিকেই আঙুল তুলেছেন কুণাল৷
প্রসঙ্গত, তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী নথি দেখিয়ে দাবি করেন, তারাতলার ওই গোডাউনের যে বিল্ডিং প্ল্যান পুরসভা থেকে পাশ হয়েছিল তাতে মেয়র হিসেবে ফিরহাদ হাকিমেরই সই ছিল৷ যদিও ওই নকশাতেই গলদ ছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ প্রভাব খাটিয়ে ত্রুটিযুক্ত সেই প্ল্যান পাশ করিয়ে দেওয়ার অভিযোগে পুরসভায় ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করেছে পুলিশ৷
ফিরহাদ হাকিমের অবশ্য দাবি, এই ঘটনার দায় কোনওভাবেই তাঁর উপরে পড়ে না৷ বিল্ডিং প্ল্যানের ত্রুটি নয়, বরং নির্মাণের সময় নজরদারির অভাব এবং খারাপ নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই এই বিপর্যয় ঘটে থাকতে বলে দাবি করেন ফিরহাদ৷
Kolkata,West Bengal
