Last Updated:
21 July TMC: ২১ জুলাইয়ের সভা নিয়ে কার্যত দড়ি টানাটানি তৃণমূলের দুই শিবিরের মধ্যে৷ এর মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ৷
কলকাতা: ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভা করবে তৃণমূলের কোন শিবির? একদিকে মমতাপন্থী তৃণমূল, অন্যদিকে ঋতব্রতপন্থী তৃণমূল৷ দুই তৃণমূলই নিজেদের ‘আসল তৃণমূল’ প্রমাণ করতে ধর্মতলায় সভা করতে মরিয়া৷ এর মাঝেই রবিবার সভার মঞ্চের আগাম মাপজোক করলেন কুণাল ঘোষ৷ তার মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ৷
তৃণমূল বিধায়ক বলেন, ‘‘কে ঋতব্রত? ৪ আনার নকুল দানা, তার আবার ক্যাশমেমো৷’’ ২১ জুলাই পালনের স্মৃতি মনে করিয়ে কুণাল বলেন, যেই সিপিআইএম-এর জন্য এই সেদিন এই ঘটনা ঘটেছিল সেই দল থেকেই তো এসেছেন ঋতব্রত৷
সভায় লোকজড়ো করা নিয়ে ঋতব্রতকে কটাক্ষ করে কুণাল বলেন, ‘‘৫০০ টা লোকও জোগাড় করতে পারবে না৷ একটা ব্যাঙ্কোয়েট হলে যে ক’টা লোক ধরে ওই ৫০ টা, তার বেশি ক্ষমতা নেই৷’’
প্রসঙ্গত, জানা গিয়েছে, এবারের সভার জন্য ৫০ ফুট বাই ১০০ ফুট মঞ্চ ধরে এগোচ্ছে মমতাপন্থা কালীঘাট তৃণমূল৷ অর্থাৎ মঞ্চ ছোট নয়, বড় করেই সভার পরিকল্পনা মমতাপন্থী তৃণমূলের৷ রবিবার সভা মঞ্চের ফিতে দিয়ে মাপজোক করা হয়৷ আনুষ্ঠানিক অনুমতি মেলার আগেই এই তৎপরতা ২১ জুলাইয়ের কর্মসূচি ঘিরে বিশেষ বার্তা দেওয়ারই ইঙ্গিত হিসেবেই দেখছে রাজনৈতিক মহল৷
এদিনের মাপজোকের তদারকিতে ছিলেন কালীঘাট পন্থী তৃণমূলের দুই নেতা কুণাল ঘোষ এবং দোলা সেন৷ ডেকরেটর কর্মীদের নিয়ে মাপজোক করা হয়৷ ফিতে ধরে মঞ্চ সাইজ দেখছেন কুণাল, দোলা। কুণাল আরও জানালেন এবার যুব তৃণমূলের বিশেষ কিছু করার পরিকল্পনা রয়েছে৷ যদিও এ বিষয়ে বিশেষ খোলসা করেনি কুণাল৷
Kolkata,West Bengal
