ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “তাদের (ইরানের) উৎপাদন ক্ষমতা কমে গিয়েছে… কার্যত প্রায় ৮৫ শতাংশই শেষ হয়ে গিয়েছে। ওরা আমাদের সঙ্গে কথা বলছে এবং অত্যন্ত ভদ্রভাবে কথা বলছে। এখন দেখা যাক কী হয়।”
তিনি আরও বলেন, সংঘাতের অবসান ঘটার সম্ভাবনা রয়েছে। তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া উচিত নয় বলেও সতর্ক করেন তিনি।
ট্রাম্প বলেন, “যদি আমাদের আবার সেখানে ফিরে যেতে হয়, তাহলে আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং অভিযানের জন্য তৈরি রয়েছি।”
অন্যদিকে, নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি আলাদা পোস্টে ট্রাম্প জানান, কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুলরহমান আল থানির (Sheikh Mohammed bin Abdulrahman Al Thani) সঙ্গে তাঁর একটি “চমৎকার কথোপকথন” হয়েছে। সেই আলোচনায় ইরানের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি। ট্রাম্পের দাবি, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন এবং কুয়েত বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। অর্থাৎ, আমেরিকার নৌ অবরোধ অব্যাহত রাখা এবং সদ্য ঘোষিত ‘অপারেশন আয়রন গেট’ চালিয়ে যাওয়ার পক্ষপাতী এই দেশগুলি।
ট্রাম্প লেখেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, কুয়েত এবং অন্যান্য দেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখতেই বেশি আগ্রহী। অন্য কথায়, ইতিহাসের বৃহত্তম নৌ অবরোধ অব্যাহত রাখা এবং নতুন ‘অপারেশন আয়রন গেট’ চালিয়ে যাওয়া—অর্থাৎ স্থল ও সমুদ্র, উভয় ক্ষেত্রেই।”
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের অবস্থানের পুনরাবৃত্তি করে ট্রাম্প বলেন, “সবাই একমত হয়েছে যে ইরানের হাতে কোনওভাবেই পরমাণু অস্ত্র থাকতে পারে না। এই বিষয়ে কোনও আপোস করা হবে না!”
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কোনও পরিবর্তন হলে আমেরিকা তার জবাব দিতে প্রস্তুত বলেও সতর্ক করেছেন তিনি।
ট্রাম্প বলেন, “মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ঘটনাপ্রবাহের ক্ষেত্রে যদি কোনও পরিবর্তন ঘটে, তাহলে আমেরিকা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং পদক্ষেপ নিতে তৈরি।” তবে বর্তমানে এমন সম্ভাবনা খুব একটা নেই বলেও তিনি জানান।
ইরানের উপর চাপ বজায় রেখেছে আমেরিকা:
.@POTUS: “Much was discussed with respect to the Islamic Republic of Iran… At this point, taking the military action doesn’t seem to be a very necessary thing — but we’re locked and loaded ready to go for any reason.” https://t.co/gOC2PDMVYZ
— Rapid Response 47 (@RapidResponse47) November 9, 2026
সমুদ্রপথ ও স্থলপথে ইরানের সরবরাহ এবং বিভিন্ন সম্পদে প্রবেশের সুযোগ সীমিত করতে আমেরিকার ধারাবাহিক প্রচেষ্টার মধ্যেই এই মন্তব্যগুলি সামনে এসেছে। ওয়াশিংটন এও জানিয়েছে, যে কোনও চুক্তির ক্ষেত্রে তেহরান যাতে পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করাই অন্যতম প্রধান শর্ত।
ট্রাম্পের দাবি, সামরিক সংঘাত শেষ হলে আমেরিকার নাগরিকদের পাশাপাশি গোটা বিশ্বের মানুষ আরও নিরাপদ থাকবেন। ইরানের বিরুদ্ধে বহু মানুষকে হত্যার অভিযোগও তুলেছেন তিনি। তবে চলতে থাকা আলোচনার মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটবে বলে আশাপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।