Last Updated:
Marco Rubio: ভারত সফরে আসছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও৷ চার দিনের সফরে প্রথমেই কলকাতায় আসছেন মার্কো রুবিও৷ শনিবারেই কলকাতায় আসার কথা তাঁর৷
কলকাতা: চার দিনের ভারত সফরে আসছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও৷ সূত্রের খবর, আজ শনিবার কলকাতাতে আসবেন মার্কিন বিদেশসচিব৷ তিন দিনের ভারত সফরের প্রথমেই কলকাতা সফর তাঁর। সকাল ৭ টা নাগাদ দমদম বিমানবন্দরে বিশেষ বিমান অবতরণ করবেন তিনি৷ নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে বিমানবন্দর। এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে বিশ্বের রাজনৈতিক মহল৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই রুবিওর প্রথম ভারত সফর।
শুক্রবার রাতে এক্স হ্যান্ডেলে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর পোস্টে করে জানালেন মার্কোর ভারত সফরের কথা৷ তিনি লিখেছেন, ‘‘এইমাত্র মার্কো রুবিওর ফোন পেলাম। তিনি এখনই ভারতের উদ্দেশে রওনা দিচ্ছেন। এই গুরুত্বপূর্ণ সফর নিয়ে আমরা উচ্ছ্বসিত।’’
শনিবার বিকেলে নয়াদিল্লির সেবা তীর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির-র সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে রুবিওর। সফরের আগে তিনি বলেন, “ভারতের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে। ভারত আমাদের বড় সহযোগী ও বন্ধু। তাই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
সূত্রের খবর, রবিবার বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বিস্তৃত বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ, উদীয়মান প্রযুক্তি এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার মতো বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনায় সরাসরি জড়িয়ে পড়েছে আমেরিকা এমত অবস্থায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং তার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সম্ভাব্য প্রভাব নিয়েও ভারত এবং আমেরিকার মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে৷
প্রসঙ্গত, আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এর ফলে হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে ভারত ও আমেরিকা একটি বৃহত্তর বাণিজ্যিক সমঝোতার দিকেও এগোতে চাইছে।
উল্লেখ্য, ভারতীয় পণ্যের উপর আমেরিকার অতিরিক্ত শুল্ক আরোপ এবং গত বছরের ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা বন্ধ করতে নিজের ভূমিকার দাবি করে বারবার মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত সেই দাবি দৃঢ়ভাবে খারিজ করে জানিয়েছিল, যুদ্ধবিরতির সমঝোতা শুধুমাত্র নয়াদিল্লি ও ইসলামাবাদের সরাসরি আলোচনার ফল। সব মিলিয়ে ভারত এবং আমেরিকার সম্পর্কের খরা রুবিওর বিদেশ সফরে কাটবে কি? সেই দিকেই তাকিয়ে বিশ্বের রাজনৈতিক মহল৷
Kolkata,West Bengal
