Last Updated:
Bengaluru Murder: সন্তানদের সামনেই মাকে খুন করল বাবা৷ ভয়ঙ্কর এই অভিযোগ উঠেছে হোম গার্ডের বেঙ্গালুরুর প্রদীপ নামে এক ব্যক্তির বিরুদ্ধে৷ নিহত হোম গার্ডের নাম মঞ্জুলা৷
বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে মহিলা হোম গার্ডকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ অভিযোগ, নিজের সন্তানদের সামনেই স্ত্রীকে খুন করেন ওই ব্যক্তি৷ ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর মহাদেবপুরা এলাকায়৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নিহত হোম গার্ডের নাম মঞ্জুলা (৩২)৷ তিনি মহাদেবপুরা থানায় হোম গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ বছর আগে বিয়ে হয়েছিল মঞ্জুলা ও প্রদীপের৷ তাঁদের দুই সন্তানও রয়েছে৷ পরিবারের অভিযোগ, প্রদীপ অনলাইন বেটিংয়ে আসক্ত ছিলেন, যার জেরে সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত। এছাড়াও তিনি স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতেন এবং সন্তানদের পিতৃত্ব নিয়েও প্রশ্ন তুলতেন।
স্বামীর এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে মঞ্জুলা গত দেড় মাস ধরে দুই সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে থাকছিলেন। রবিবার প্রদীপ একটি ছুরি জ্যাকেটের ভিতরে লুকিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানে তিনি মঞ্জুলার কাছে ক্ষমা চান এবং তাঁর সঙ্গে ফিরে যাওয়ার অনুরোধ করেন। এমনকি স্ত্রীর পায়ে পড়েও ক্ষমা চান বলে অভিযোগ।
কিন্তু আচমকাই তিনি হিংস্র হয়ে ওঠেন। অভিযোগ, মায়ের ও দুই সন্তানের সামনেই মঞ্জুলাকে ২০ বারেরও বেশি ছুরিকাঘাত করেন প্রদীপ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় মঞ্জুলার।
তদন্তে জানা গিয়েছে, খুনের আগে প্রদীপ একটি ভিডিও বার্তা রেকর্ড করেছিলেন। সেখানে তিনি স্বীকার করেন যে অনলাইন বেটিংয়ের নেশাই তাঁর সংসার ভেঙে দিয়েছে। ভিডিওতে তিনি বলেন, “আমি আমার স্ত্রীকে ছাড়া থাকতে পারি না। আমি ওর বাবা এবং ভগ্নিপতির সঙ্গে কথা বলেছি। আজ সন্ধ্যায় ও কাজ থেকে ফিরবে। আমি আবারও ওকে আমার কাছে ফিরে আসতে বলব। যদি ও আবারও না বলে, তাহলে আমি ওকে সেখানেই মেরে ফেলব।” খুনের পর প্রদীপ একই ছুরি দিয়ে নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Kolkata,West Bengal
