Last Updated:
Murshidabad News: ভিন রাজ্যে পালানোর আগেই শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার করা হল দুই একাদশ শ্রেণির ছাত্রীকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তাঁদের খুঁজে বের করে নিরাপদে ফিরিয়ে আনে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিয়ের চাপ থেকে মুক্তি পেতেই তারা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার আগে একাদশ শ্রেণীর দুই ছাত্রীকে শিয়ালদহ স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুক্রবার উদ্ধার করে নিয়ে আসে ভগবানগোলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ রেল পুলিশের সহযোগিতায় ওই দুই কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের উদ্ধার করে নিয়ে আসার পরে শনিবার তাঁদের পাঠানো হয়েছে বহরমপুরে মহিলাদের সরকারি হোম ‘শিলায়ন’-এ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই কিশোরী পুলিশের জেরায় স্বীকার করেছে, বাড়ি থেকে জোর করে তাঁদের বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন পরিবারের লোকজন। বিয়ে থেকে রেহাই পেতে পরিকল্পনা মতো বৃহস্পতিবার সকালে বই কেনার নাম করে তাঁরা বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। ওই দুই পরিবারের লোকজন সর্বত্র খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে ভগবানগোলা থানায় নিখোঁজ ডায়েরি করেন। লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।
কিন্তু বিহারের ট্রেন ধরার আগে ভগবানগোলা থানার পুলিশ জানতে পারে তাঁরা শিয়ালদহ স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। তখন ভগবানগোলা থানার পুলিশ যোগাযোগ করে শিয়ালদহ স্টেশনের জিআরপি-র সঙ্গে। রেল পুলিশ তাদের উদ্ধার করে আটক রাখে। এরপরে ভগবানগোলা থানার পুলিশ শিয়ালদহ পৌঁছে ওই দুই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, এদিন ওই কিশোরীকে লালবাগ এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারকের নির্দেশে তাদের বহরমপুরে শিলায়ন হোমে পাঠানো হয়েছে।
Murshidabad,Murshidabad,West Bengal
