Last Updated:
Narendra Modi: কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের কারপুলিং ও পরিবেশবান্ধব গাড়ি ব্যবহারের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাপপ্রবাহ মোকাবিলা ও সাধারণ মানুষের সঙ্গে আরও বেশি সংযোগ বাড়ানোর উপরও জোর দেন তিনি।
নয়াদিল্লিঃ পরিবেশ সচেতনতা, জনসংযোগ বৃদ্ধি এবং ব্যক্তিগত দায়িত্ববোধ— এই তিন বিষয়কে সামনে রেখে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রীদের কারপুলিং করার পরামর্শ দেন বলে সূত্রের খবর। একই গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে একাধিক গাড়ির বদলে একসঙ্গে যাতায়াতের উপর জোর দেন তিনি।
সূত্রের দাবি, বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে প্রশ্ন করেন, “আপনাদের মধ্যে কতজন বর্তমানে কারপুলিং করছেন?” তিনি জানান, একই জায়গায় যাওয়ার জন্য আলাদা আলাদা গাড়ি ব্যবহার না করে একসঙ্গে যাতায়াত করলে তা যেমন পরিবেশের পক্ষে উপকারী হবে, তেমনই সাধারণ মানুষের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছবে। সরকারের পরিবেশবান্ধব নীতি ও দায়িত্বশীল আচরণের অংশ হিসেবেই এই উদ্যোগকে দেখা হচ্ছে।
এটি প্রথমবার নয়, এর আগেও মন্ত্রিসভার বৈঠকে গাড়ির ব্যবহার কমানোর বিষয়ে পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়া সংকটের সময় হওয়া এক বৈঠকে তিনি মন্ত্রীদের গাড়িবহর কমানোর কথাও বলেছিলেন। তবে নিরাপত্তা নিয়ে কোনও রকম আপস করা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
এদিন প্রধানমন্ত্রী মন্ত্রীদের অপ্রয়োজনীয়ভাবে নতুন গাড়ি কেনা থেকেও বিরত থাকার পরামর্শ দেন এবং বৈদ্যুতিক গাড়ির মতো পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত করেন।
চলতি তাপপ্রবাহ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি মন্ত্রীদের পর্যাপ্ত জল পান করার পরামর্শ দেন এবং নিজেদের এলাকায় সাধারণ মানুষকে গরম থেকে বাঁচতে সচেতন করার নির্দেশ দেন। পাশাপাশি, সাধারণ মানুষের সঙ্গে আরও বেশি সংযোগ বাড়ানোর উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের মতামত ও প্রতিক্রিয়া সরকারের নীতি নির্ধারণ এবং প্রশাসনিক উন্নতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Kolkata,West Bengal
