Last Updated:
NEET protest update: যদিও মোদির পোস্টের পরেও নিজেদের দাবির অবস্থানে অবিচল ককরোচ জনতা পার্টি (সিজেপি)৷ প্রধানমন্ত্রীর পোস্টকে রিপোস্ট করে তাঁদের বার্তা, ‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে৷’
নয়াদিল্লি: কেন্দ্রের বিরুদ্ধে নিট (NEET) প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলন আরও তীব্র হওয়ার আবহে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ‘দখল ও ধ্বংস’ হতে দিয়ে প্রধানমন্ত্রী ভারতের যুবসমাজের ভবিষ্যতের “সবচেয়ে বেশি ক্ষতি” করেছেন।
শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং প্রশ্নফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর এক্স (X) পোস্টের জবাবে কংগ্রেস নেতা দাবি করেন, কেন্দ্রীয় সরকার শুধু শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতেই ব্যর্থ হয়নি, বরং যাঁরা এই ব্যবস্থাকে দুর্বল করার জন্য দায়ী, তাঁদেরও আড়াল করেছে।
এক্স-এ করা পোস্টে রাহুল গান্ধি লেখেন, ‘দেশের যুবসমাজের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি আপনিই করেছেন। আপনি দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে দখল ও ধ্বংস হতে দিয়েছেন, বরং তা উৎসাহিত করেছেন। আর এর জন্য দায়ী প্রত্যেককে আপনি রক্ষা করেছেন’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে সিজেপি (CJP)-র চলমান আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার বলেন, দেশের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যৎ সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
তিনি আরও জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে।
“যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না।
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের নির্দেশ দিয়েছি। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগেরই এটি একটি অংশ।
যারা আমাদের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইবে, তাদের কাউকেই রেয়াত করা হবে না।”
New Delhi,Delhi
Jul 23, 2026 10:53 AM IST
