Last Updated:
North Dinajpur News: রায়গঞ্জে ঝড়বৃষ্টির তাণ্ডব। ভেঙে পড়ল একাধিক গাছ, বিদ্যুতের খুঁটি। দুর্যোগের জেরে ফ্ল্যাটের ছাদ থেকে উড়ে যায় আস্ত প্যান্ডেল। শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ ভরা গ্রীষ্মে আবহাওয়ার মুড সুইং। রাজ্যের জেলায় জেলায় ঝড়বৃষ্টির দাপট চলছে। এবার তার জেরে কার্যত লন্ডভন্ড হয়ে গেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। কোথাও ভাঙল গাছ, কোথাও আবার ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি।
গত মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া দুর্যোগের দাপটে রায়গঞ্জে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। লাগাতার বৃষ্টিতে একাধিক গাছ ভাঙার পাশাপাশি রাতে শহরের বহু এলাকায় জল জমে যায়। সকাল হলে সেই জল নেমে গেলেও আরও পরিষ্কার হয় ক্ষয়ক্ষতির ছবি।
শহরের বিভিন্ন এলাকায় ভেঙে যাওয়া গাছ দেখা যায়। কোথাও কোথাও গাছপালা ভেঙে কিছু দোকানেরও ক্ষতি হয়। দেবীনগর কালীবাড়ি অঞ্চলে যেমন কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটি। সেই সঙ্গেই বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে সমগ্র এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বিদ্যুৎ দফতরের কর্মীরা গাছের ডাল কেটে বিদ্যুৎ সংযোগ ফেরানোর কাজ শুরু করেন। এই এলাকায় গাছ ভেঙে পড়ে ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে বীরনগর এলাকায় আবার ঝড়বৃষ্টির দাপটে উড়ে যায় আস্ত প্যান্ডেল। স্বদেশরঞ্জন রায় পুর ভবন সংলগ্ন একটি ফ্ল্যাটের ছাদে প্যান্ডেল করা ছিল। লাগানো ছিল আলো-পাখা। তবে ঝড়ের দাপটে গোটা প্যান্ডেল উড়ে পাশের জঙ্গলে গিয়ে পড়ে। অল্পের জন্য ক্ষতির হাত থেকে বাঁচে পাশের বাড়ি।
জানা যাচ্ছে, বিগত ৩ দিন ধরে রায়গঞ্জবাসী সূর্য দেখতে পাননি। সেই সঙ্গেই ঝড়বৃষ্টির দাপটে একধাক্কায় তাপমাত্রা নেমে যাওয়ায় অনেককে শীতবস্ত্র পরতে দেখা যাচ্ছে। মাঝ বৈশাখে শীতের ‘ফিল’ পেয়ে খানিক সমস্যাই হচ্ছে বলে জানান এক স্থানীয় ব্যক্তি।
Uttar Dinajpur,West Bengal
May 01, 2026 11:53 AM IST
North Dinajpur News: ঝড়বৃষ্টির তাণ্ডবে লন্ডভন্ড রায়গঞ্জ! ভাঙল গাছপালা-বিদ্যুতের খুঁটি, ক্ষতিগ্রস্ত একাধিক দোকান
