Last Updated:
PM Modi: প্রধানমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসা দরকার। আজ যখন বিজেপি জয়ী হয়েছে, তখন বদলা নয়, বদলের কথা বলতে হবে। ভয় নয়, ভবিষ্যতের কথা বলতে হবে। আসুন, এই অন্তহীন হিংসার চক্রের অবসান ঘটাই।”
নয়াদিল্লি: গোটা বাংলায় গেরুয়া ঝড়৷ অঙ্গ কলিঙ্গের পর বঙ্গ জয় করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বদলা নয়’, ‘বদলের বার্তা’ দিলেন৷ বিজেপি-র সদর দফতরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে পশ্চিমবঙ্গে দলের ঐতিহাসিক সাফল্যের পর একদিকে মৃদু সমঝোতার সুর, অন্যদিকে দৃঢ় বার্তাও তুলে ধরেন৷
প্রধানমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসা দরকার। আজ যখন বিজেপি জয়ী হয়েছে, তখন বদলা নয়, বদলের কথা বলতে হবে। ভয় নয়, ভবিষ্যতের কথা বলতে হবে। আসুন, এই অন্তহীন হিংসার চক্রের অবসান ঘটাই।”
এই ফলাফলকে এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ ‘পরিবর্তন’ দেখেছে এবং এখন ‘ভয়মুক্ত’। “আজকের বাংলা ভয়মুক্ত, পরিবর্তনের সাক্ষী,” তিনি বলেন, যোগ করেন যে এই ফল রাজ্যের রাজনৈতিক পরিবেশে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরালার ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা জানান, যেখানে বিজেপি ও তার সহযোগীরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।
তিনি বলেন, “আজ আমি শ্রদ্ধার সঙ্গে বাংলার মানুষ, অসম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরালার মানুষকে প্রণাম জানাচ্ছি, পাশাপাশি বিজেপির লক্ষ লক্ষ কর্মীকে আন্তরিক অভিনন্দন জানাই। ছোট-বড় প্রতিটি কর্মী আবারও অসাধারণ কাজ করেছে। তারাই পদ্মফুলকে ফুটিয়েছে।”
পশ্চিমবঙ্গের ফলাফলকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করে মোদি বলেন, গঙ্গা অববাহিকা জুড়ে এখন বিজেপির উত্থান সুস্পষ্ট। “বাংলার জয়ের সঙ্গে সঙ্গে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পদ্মফুল ফুটেছে—উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং এখন পশ্চিমবঙ্গ। এই গঙ্গা তীরবর্তী রাজ্যগুলিতে এখন বিজেপি ও এনডিএ ক্ষমতায়,” তিনি বলেন। তিনি আরও বলেন, “জয়-পরাজয় খেলাধুলারই অংশ। কিন্তু এই পাঁচ রাজ্যের মানুষ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, কেন ভারত গণতন্ত্রের জননী।”
Kolkata,West Bengal
