ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও ইন্দোনেশিয়ার বন্ধুত্বের কথা তুলে ধরতেই ওই সহজ অঙ্কের উদাহরণ দেন। তাঁর এই বক্তব্যে উপস্থিত ব্যক্তিদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
মোদী বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয় ২৬ জানুয়ারি। ২৬-এর ২ ও ৬ যোগ করলে হয় ৮। এরপর তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো-র জন্মতারিখের প্রসঙ্গ টেনে বলেন, তাঁর জন্ম ১৭ তারিখে, আর ১ ও ৭ যোগ করলেও হয় ৮।
তিনি বলেন, “বন্ধুরা, গত বছর ২৬ জানুয়ারি ভারত অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে। ২৬… অর্থাৎ ২+৬ = ৮। আর আমার বন্ধু প্রেসিডেন্টের জন্মদিন ১৭ তারিখে। ১+৭-ও ৮ হয়।”
প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, গত বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সেই সফরের একটি মন্তব্যের কথাও তিনি উল্লেখ করেন।
মোদী বলেন, “মিস্টার প্রেসিডেন্ট, আপনি তখন বলেছিলেন, আর আজও সেই কথাই পুনরাবৃত্তি করলেন, যে আপনার শরীরে ভারতের ডিএনএ রয়েছে। আপনার এই একটি বক্তব্য কোটি কোটি ভারতীয়ের মন জয় করেছিল। আজও এই মন্তব্যই সবচেয়ে বেশি করতালি পেয়েছে। এটি সত্যিই ভারতের মানুষের হৃদয় স্পর্শ করেছে।”
তিনি আরও বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক পারস্পরিক আস্থা, অভিন্ন সভ্যতার ঐতিহ্য এবং দুই দেশের মানুষের ঘনিষ্ঠ যোগাযোগের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
মোদীর কথায়, “ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক আমাদের অভিন্ন সভ্যতার ঐতিহ্য এবং দুই দেশকে যুক্ত করা সমুদ্রপথের সঙ্গে গভীরভাবে জড়িত।”
অনুষ্ঠানে ভারতের উন্নয়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম’ মন্ত্রকে সামনে রেখে ভারত এগিয়ে চলেছে। দেশের সংস্কার, উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে অগ্রগতি শুধু ভারতের জন্য নয়, ইন্দোনেশিয়া এবং সমগ্র আসিয়ান অঞ্চলের জন্যও নতুন সুযোগ তৈরি করছে।
তিনি বলেন, “ভারত একের পর এক সংস্কার করেছে। ধারাবাহিকভাবে ভাল ফল দেখিয়েছে। আর সেই কারণেই আজ দেশ দ্রুত বদলে যাচ্ছে। আমরা ‘রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম’-এর মন্ত্র নিয়েই এগিয়ে চলেছি।”