Last Updated:
Puri Accident: কলকাতা থেকে পুরী যাওয়ার পথে ঘটে গেল বিরাট দুর্ঘটনা৷ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল প্রাইভেট গাড়ি৷ গুরুতর আহত ২, উদ্ধারে এন এইচের টিম ও ডেবরা থানার পুলিশ৷
দিগ্বিজয় মহালী, পশ্চিম মেদিনীপুর: বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দলবতিপুর এলাকায় ১৬ নং জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল প্রাইভেট গাড়ি। প্রায় ৫০ মিটার দূরে গিয়ে থামল গাড়ি। ঘটনায় গুরুতর আহত হয়েছে ২ জন।
তড়িঘড়ি তাদের উদ্ধার করে ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তারপর তাদের প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় এন এইচের টিম ও ডেবরা থানার পুলিশ।
গত মাসেও জগন্নাথ দর্শন করে পুরী থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন পুণ্যার্থীরা। গাড়ি নিয়ে পুরী থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় প্রবল ঝড়বৃষ্টিতে ঘটেছিলএই দুর্ঘটনা৷ ঝোড়ো হাওয়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। মুহূর্তের মধ্যে গাড়িটি উড়ে গিয়ে ডিভাইডার ছাড়িয়ে অন্য রাস্তায় পাল্টি খেয়ে পড়ে। তখনই অন্য দিক থেকে আসা একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে গাড়িটির। লরির ধাক্কায় গাড়িটি ছিটকে গিয়ে পড়ে ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, গাড়ির মধ্যে থাকা তিন জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগেও পুরীতে জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক শিশুর। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুটিকে ধাক্কা মারে একটি গাড়ি। শুক্রবার ওই ঘটনার জেরে মৃত্যু হয় শ্রেয়াংশ দে (৫) নামে এক শিশুর। এছাড়াও আরও একজন ছেলে ও এক ব্যক্তিকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ ফের পুরী যাওয়ার পথে ঘটল বিরাট দুর্ঘটনা৷
Kolkata,West Bengal
