Last Updated:
টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন দিল্লি ও এনসিআর। রেড অ্যালার্ট জারি করেছে IMD। নয়ডা, গাজিয়াবাদ, বুলন্দশহর-সহ একাধিক এলাকায় জলাবদ্ধতা, NH-24-এ দীর্ঘ যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ।
নয়াদিল্লি: বৃহস্পতিবার ভোর থেকে টানা ভারী বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী দিল্লি এবং সংলগ্ন এনসিআর (NCR) এলাকা। দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ ও বুলন্দশহরের একাধিক রাস্তায় জল জমে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলেই পড়েছেন চরম ভোগান্তিতে।
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) দিল্লির জন্য রেড অ্যালার্ট জারি করেছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দিনের বেশিরভাগ সময় জুড়েই রাজধানীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ এবং বুলন্দশহরের বহু রাস্তা জলমগ্ন। হাঁটু সমান জল পেরিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন পথচারীরা। অনেক জায়গায় গাড়ি প্রায় থেমে থেমে এগোচ্ছে। দিল্লির বুরাড়ি, সদর বাজার, সঙ্গম বিহার এবং মেহরৌলি-বদরপুর রোডের বিভিন্ন অংশে ব্যাপক জল জমেছে। ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টির জেরে রাস্তায় জল নামতে সময় লাগছে, ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
#WATCH | Bulandshahr, Uttar Pradesh: Heavy rainfall triggered widespread waterlogging in parts of Bulandshahr. Water entered houses and shops, disrupting normal life. pic.twitter.com/HuNHINtRyW
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 9, 2026
এদিকে, অক্ষরধাম মন্দিরের কাছে NH-24-এ দীর্ঘ যানজটের ছবি সামনে এসেছে। সকালের অফিস টাইমে ভারী বৃষ্টির কারণে গাড়ির গতি অত্যন্ত ধীর হয়ে পড়ে, যার ফলে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। শুধু দিল্লিই নয়, উত্তরপ্রদেশের বুলন্দশহরেও রাতভর বৃষ্টির জেরে একাধিক এলাকায় জল জমেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ জুলাই পর্যন্ত দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য জলাবদ্ধতা ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 09, 2026 12:42 PM IST
