Last Updated:
Rath Yatra 2026: রথযাত্রা উপলক্ষ্যে চারাগাছ কেনার ধুম। রথযাত্রা থেকে উল্টোরথ পর্যন্ত টানা আট দিন ধরে বিভিন্ন নার্সারিগুলিতে ফুল, ফল বা ডাবের চারাগাছ কেনার ধুম পড়ে যায়। বিশ্বাস অনুযায়ী, এই দিন নতুন চারা রোপণ করলে গাছের বৃদ্ধি ভাল হয়। প্রচুর ফলন মেলে। তা পরিবারের জন্য মঙ্গল বয়ে আনে।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: ‘বাঙালির বারো মাসে তেরো পার্বণ’। আর এই পার্বণের অন্যতম বড় উৎসব হল রথযাত্রা। রথের রশিতে টান দিতে আপামর সাধারণ মানুষের যেমন উন্মাদনা থাকে, ঠিক তেমনই এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি বিশেষ চিরাচরিত প্রথা। অন্যান্য উৎসবের মত রথযাত্রায় কেবল মেলা বা জিলাপিতেই আনন্দ আটকে থাকে না, এই সময় বিভিন্ন নার্সারিগুলিতেও ভিড় জমান বহু মানুষ।
রথযাত্রা থেকে উল্টোরথ, টানা এই আট দিন ধরে নার্সারিগুলি থেকে ফুল, ফল কিংবা ডাবের চারাগাছ কেনার রীতিমত ধুম পড়ে যায়। শহর, শহরতলি থেকে শুরু করে প্রত্যন্ত প্রান্তিক গ্রামীণ এলাকা, সর্বত্রই নতুন সবুজ গাছ কেনার এই উন্মাদনা চোখে পড়ার মত। সাধারণ মানুষের দীর্ঘদিনের বিশ্বাস, রথযাত্রার পুণ্য তিথিতে নতুন গাছ বসালে সেই গাছের বৃদ্ধি খুব ভাল হয় এবং পরবর্তীতে ফলনও মেলে প্রচুর। মূলত পূর্বপুরুষদের আমল থেকে চলে আসা এই প্রথা আজ বহু মানুষের কাছেই এক অলিখিত ঐতিহ্যের রূপ পেয়েছে।
অনেকেই মনে করেন, রথের দিন মাটিতে নতুন প্রাণ প্রতিষ্ঠা করলে তা পরিবারের জন্যও মঙ্গলজনক। তবে এই ভক্তি বা আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে কিন্তু নিবিড় মিল রয়েছে বিজ্ঞানের। এই প্রথা নিছকই কোনও অন্ধবিশ্বাস নয়। বিজ্ঞান বলছে, সাধারণত আষাঢ় মাসে বা বর্ষার ভরা মরশুমেই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। আর এই বর্ষাকাল যে কোনও নতুন চারাগাছের বৃদ্ধির জন্য অত্যন্ত উপযোগী। বৃষ্টির জল এবং বর্ষার আবহাওয়া নতুন গাছের শিকড় দ্রুত শক্ত করতে সাহায্য করে।
এই সময় মাটিতে পর্যাপ্ত রস থাকায় গাছের বিস্তার খুব ভাল হয়। স্বাভাবিকভাবেই বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে গাছ লাগানো কৃষিবিজ্ঞান অনুযায়ী অত্যন্ত ফলপ্রসূ ও গুরুত্বপূর্ণ। অর্থাৎ, রথের দিন গাছ লাগানোর এই রীতিতে একদিকে যেমন মিশে রয়েছে মানুষের আধ্যাত্মিক বিশ্বাস, অন্যদিকে তেমনই রয়েছে নিখাদ বিজ্ঞান। ভক্তি আর যুক্তির এই অপূর্ব মিশেলেই সেজে ওঠে আমাদের চারপাশ। উৎসবের আবহে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত বৃক্ষরোপণ আখেরে এক সবুজ ও সুন্দর পৃথিবী গড়ার কাজেই সাহায্য করে চলেছে।
Paschim Medinipur,West Bengal
Jul 16, 2026 10:40 PM IST
Rath Yatra 2026: আগামী আটদিন ‘সোনায় সোহাগা’ এই ব্যবসায়ীদের, মহাপ্রভুর কৃপায় ফুলেফেঁপে উঠবে ক্যাশবাক্স! দোকানে উপচে পড়ছে ভিড়