Last Updated:
Sona Pappu at ED: জমি জালিয়াতি মামলায় এবারে ইডি দফতরে সোনা পাপ্পু। কাঁকুলিয়া-কাণ্ডের পর থেকে উধাও ছিলেন সোনা পাপ্পু। সোমবার আচমকাই ইডি দফতরে হাজির হলেন।
কলকাতা: জমি জালিয়াতি মামলায় আচমকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে হাজিরা দিল বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। কাঁকুলিয়া-কাণ্ডের পর থেকে কার্যত ‘উধাও’ ছিলেন তিনি। বাড়িতে তল্লাশি হওয়ার পরবর্তী ক্ষেত্রে বারবার তাকে তলব করা হলেও, তার নাগাল মেলেনি। এরপর সোমবার আচমকাই ইডি দফতরে হাজির হন। সিজিও কমপ্লেক্সে পৌঁছে সোনা পাপ্পুর দাবি, “আমি কোনও দোষ করিনি। আমাকে ডেকেছে এসেছি। অস্ত্র বিষয়ে জানি না। জয় আমার বন্ধু। কোনও তোলাবাজি, জমি দুর্নীতি, করিনি।”
ফেব্রুয়ারি মাসে গোলপার্কের কাঁকুলিয়া রোডে গুলি-বোমাবাজির ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর নাম। এরপর জোর করে জমি দখল-সহ একাধিক অভিযোগে বারে বারে জড়ায় তার নাম। ৩০০ পাতার নথি উদ্ধার হয় তার বাড়ি থেকে। এমনকী, ফার্ন রোডের বাড়ি থেকে দেশি পিস্তলও উদ্ধার হয়। কিন্তু তার নাগাল পায়নি পুলিশ।
জানা গিয়েছে, এপ্রিলে তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করেন ইডি আধিকারিকরা। এ ছাড়াও সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত হয়। ইডি সূত্রে জানানো হয়, সোনা পাপ্পুর নামে বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে। তোলাবাজি, হুমকি-সহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
Kolkata,West Bengal
May 18, 2026 12:37 PM IST
