Last Updated:
দুই কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখে তাঁকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য এবং অনশন প্রত্যাহারে অনুরোধ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সোনম ওয়াংচুক৷
কেন্দ্রীয় সরকার যদি বিক্ষোরকারী ছাত্রদের বিরুদ্ধে কোনও আইনি অথবা প্রতিহিংসাপরায়ণ হয়ে পদক্ষেপ না করে, তাহলে তিনি অনশন প্রত্যাহারে রাজি৷ বুধবার দুই কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিং-কে চিঠি লিখে এমনই জানালেন সমাজকর্মী সোনম ওয়াংচুক৷
গতকাল সোনম ওয়াংচুককে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে দেখতে যান দুই কেন্দ্রীয় মন্ত্রী৷ সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের অনুরোধ জানান তাঁরা৷ তখনই তাঁদের কাছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নিঃশর্ত আশ্বাসের কথা জানান ওয়াংচুক৷ নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে বিক্ষোভে যে ছাত্র এবং আন্দোলনকারীরা অংশ নিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে কেন্দ্র কোনও পদক্ষেপ করবে না, এমনই নিঃশর্ত আশ্বাস চেয়েছেন ওয়াংচুক৷
দুই কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠই সমাজমাধ্যমেও পোস্ট করেছেন সোনম ওয়াংচুক৷ সেখানে তিনি জানিয়েছেন, দুই কেন্দ্রীয় মন্ত্রীই তাঁকে আশ্বস্ত করে জানিয়েছেন নিট প্রশ্নপত্র ফাঁসের পর যে পড়ুয়ারা আত্মঘাতী হয়েছিলেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বিবেচনা করবে কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিশ্বাসযোগ্যতা এবং ইস্তফার বিষয়টি নিয়েও সংসদে অর্থবহ আলোচনা হবে বলেও দুই মন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন, এমনই দাবি করেছেন ওয়াংচুক৷
তবে ওয়াংচুক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যতক্ষণ না বিক্ষোভকারী ছাত্র এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না করার নিঃশর্ত আশ্বাস মিলছে, তিনি তাঁর অনশন প্রত্যাহার করবেন না৷
চিঠিতে ওয়াংচুক লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকার যদি এই আশ্বাস আমাকে দেয় তাহলে আমার এই বিশ্বাস থাকবে যে সরকার শুধু আমার আবেদনেই সাড়া দিল না, একই সঙ্গে লক্ষ লক্ষ তরুণ ভারতীয়ের ইচ্ছাকেও সম্মান জানালো৷ কিন্তু এই আশ্বাস না পেলে আমাকে অনির্দিষ্ট কালের জন্য আমার অনশন চালিয়ে যেতে হবে৷’
Kolkata,West Bengal
Jul 22, 2026 10:40 PM IST
