Last Updated:
South 24 Parganas News: গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে এক মৎস্যজীবী নদীতে পড়ে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য। প্রবল স্রোতের মধ্যে দুর্ঘটনাটি হয়। তারপর সঙ্গীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মাছ ধরে ফেরার পথে জলে পড়ে নিখোঁজ মৎস্যজীবী। ওই মৎস্যজীবীর নাম কৃষ্ণ দাস। তিনি কাকদ্বীপের বাসিন্দা। মাছ ধরে ফেরার পথে ট্রলার থেকে আচমকা নদীতে পড়ে যান ওই মৎস্যজীবী।পাথরপ্রতিমার তিনমাথা নদীতে এই ঘটনা ঘটে। পাথরপ্রতিমা থানার পুলিশ রাতভর তল্লাশি চালায়।
তবে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তাঁর সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকেও তল্লাশি চলছে। স্থানীয় সূত্রের খবর, কাকদ্বীপের এফবি সাবিত্রী নামে একটি ট্রলার ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। এরপর ফেরার পথেই ঘটে বিপত্তি। পাথরপ্রতিমায় ঢোকার মুখে তিনমাথা নদীর প্রবল স্রোতের মধ্যে পড়ে ওই ট্রলারটি। অসাবধানতাবশত ওই মৎস্যজীবী নদীতে পড়ে যান। তিনি ট্রলারের মাথায় বসে ছিলেন।
তল্লাশিতে সহযোগিতা করছেন স্থানীয় মৎস্যজীবীরা। দেহ পেলেই তা ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর তা তুলে দেওয়া হবে ওই মৎস্যজীবীর পরিবারের হাতে। এদিকে বর্ষা সেভাবে শুরু না হলেও নদী ও সমুদ্র উত্তাল রয়েছে। বছরের এই সময়ে নদী ও সমুদ্র উত্তাল থাকে। ফলে মৎস্যজীবীরা প্রতিবছর সমস্যায় পড়েন। যার জেরে এই ঘটনা ঘটে। ফলে মৎস্যজীবীদের সতর্ক থাকতে হবে আরও বেশি করে, এমন পরামর্শ দেওয়া হয়েছে।
South Twenty Four Parganas,West Bengal
