Last Updated:
West Medinipur News: দিনমজুরি করে জোগাড় খেলার খরচ, উত্তরাখণ্ডে মুইথাই চ্যাম্পিয়নশিপে পদক জয়ী বেলদার কিশোর
পশ্চিম মেদিনীপুর: মাথার উপর পাকা ছাদ নেই, নেই ইটের দেওয়াল। পাট্টা দেওয়া জায়গায় এক চিলতে অ্যাসবেসটসের ঘর। চারদিক ঘেরা টিনের বেড়া দিয়ে। এমনই এক জীর্ণ ঘরে শুয়ে আন্তর্জাতিক মঞ্চে পদক জয়ের স্বপ্ন দেখে বছর সতেরোর এক কিশোর। নাম সুরজিৎ কর্মকার। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা এই কিশোর সম্প্রতি অভাবকে হারিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার পথে এক ধাপ এগিয়েছে। চলতি মাসে উত্তরাখণ্ডে আয়োজিত জাতীয় মুইথাই বক্সিং চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের পিছনে ফেলে ব্রোঞ্জ পদক অর্থাৎ তৃতীয় স্থান ছিনিয়ে নিয়েছে সে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মাত্র সাত বছর বয়স থেকেই ক্যারাটের প্রতি আগ্রহ জন্মায় তার। এরপর ধীরে ধীরে মুইথাই বক্সিংয়ের দুনিয়ায় পা রাখে সে। তার এই অদম্য ইচ্ছাশক্তি আর লড়াই দেখে এগিয়ে আসেন বেলদার বাসিন্দা সুদীপ ভৌমিক। তিনিই সুরজিৎকে নিয়মিত প্রশিক্ষণ দিতে শুরু করেন। কোচের হাত ধরেই জেলা ও রাজ্য স্তরের গণ্ডি পার করে জাতীয় স্তরে পৌঁছেছে এই কিশোর। গত ১ জুন থেকে ৪ জুন উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়েছিল সপ্তম উমাই ন্যাশনাল ইয়ুথ মুইথাই চ্যাম্পিয়নশিপ ২০২৬। সেখানেই অনূর্ধ্ব ১৮ বয়সভিত্তিক ৪৮ কেজি বিভাগে পদক জিতে নেয় সে।
ছেলের এই সাফল্যে আজ গর্বিত সুরজিতের বাবা-মা থেকে শুরু করে গোটা বেলদাবাসী। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে যে ছেলে জাতীয় স্তরে এমন নজরকাড়া সাফল্য আনতে পারে, সে একদিন আন্তর্জাতিক মঞ্চেও দেশের মুখ উজ্জ্বল করবে বলে আশাবাদী সকলে। টিনের ঘেরা ভাঙা ঘরে বসে সুরজিৎ আজ স্বপ্ন দেখছে অলিম্পিকের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার। তার এই লড়াই প্রমাণ করে দেয়, লক্ষ্য স্থির থাকলে দারিদ্র্য কখনওই স্বপ্নের পথে বাধা হতে পারে না। Ranjan Chanda
Kolkata,West Bengal