Last Updated:
প্রোমো আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে৷ অনেকে মনে করছেন এই সিরিয়ালের গল্পের সঙ্গে মিল রয়েছে আরজি কর কাণ্ডের৷
কলকাতা: চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি এবং তার বিরুদ্ধে লড়াই৷ বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছেন এক মহিলা ডাক্তার৷ রাতের অন্ধকারে নার্সিংহোমে পা রাখেন তিনি এবং সেখানে খোঁজ পায় দামি দামি পেসমেকারের৷ যা তার কথায় গরিবদের জন্য বরাদ্দ, কিন্তু কিছু দুর্নীতিবাজ লোক সেটাই দ্বিগুণ-তিনগুণ দামে বড়লোকদের কাছে বিক্রি করে প্রচুর টাকা মুনাফা করছে৷ এই খারাপ চক্রের বিরুদ্ধেই সোচ্চার হতে যায় সেই মেয়েটি৷ কিন্তু ধরা পড়ে যায় দুষ্কৃতীদের হাতে এবং তারপর তাকে মেরে ছাদ থেকে ফেলে মেরে ফেলা হয়৷
তবে এরপরই আসে ট্যুইস্ট! দেখা যায় সেই মেয়েটিই আবার ফিরে আসছে এবং সরাসরি লড়াই করছেন গুণ্ডাদের সঙ্গে! একেবারে টানটান চিত্রনাট্য যা থেকে নজর হটানো যাবে না৷ এই গল্পের উপর তৈরি হচ্ছে তিলোত্তমা ধারাবাহিক৷ মূল চরিত্রে সুস্মিতা দে৷ ব্লুজ প্রোডাকশনসের নতুন মেগা ধারাবাহিক শীঘ্রই আসছে স্টার জলসায়৷
এই সিরিয়ালে সুস্মিতা থাকছেন দ্বৈত চরিত্রে৷ আবার অনেকদিন পর তিনি ফিরে এলেন তিনি৷ এর আগে তাঁর উল্লেখযোগ্য জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘অপরাজিতা অপু’ (২০২০), ‘বৌমা একঘর’ (২০২২) এবং ‘কোঠা’ (২০২৩)৷ তিলোত্তমা সিরিয়ালের প্রোমো সামনে আসতেই বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে৷ সেখানে একদিকে তিনি ডাক্তার, অন্যদিকে তিনি ব্যালে ডান্সার যে আবার অ্যাকশন করতে পারে অনায়াসে৷ এর জন্য অনেকটা ট্রেনিং নিতে হয়েছে অভিনেত্রীকে৷ এই ধারাবাহিকে সুস্মিতার বিপরীতে রয়েছেন নবাগত অভিনেতা সৌম্যদীপ দত্ত।
বর্তমানে স্টার জলসায় ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-র মতো দুটি সফল মেগা চলছে স্নেহাশিস চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশনের। এটি তাঁর তিন নম্বর প্রজেক্ট। তবে ধারাবাহিকটি ঠিক কোন সময়ে বা কোন স্লটে সম্প্রচারিত হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি।
তবে প্রোমো সামনে আসতেই অনেকে আরজি কর কাণ্ডের সঙ্গে এর মিল খুঁজে পাচ্ছেন৷ ‘তিলোত্তমা’ শুনলেই কলকাতা ফিরে যায় সাল ২০২৪-এ, অগস্ট মাসের স্মৃতি। আরজি কর মেডিক্যাল হাসপাতালে কর্মরত অবস্থায় ভয়াবহ মৃত্যু হয়েছিল এক তরুণী চিকিৎসকের। তাঁর মৃত্যুকে ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি৷
Kolkata,West Bengal
