Last Updated:
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আজকে যারা রোজগার মেলায় যারা প্রধানমন্ত্রীর শুভাশিস নিয়ে যারা আজকে ভারতের নির্মাণে যোগ দিলেন, প্রত্যেককে শুভেচ্ছা’’
কলকাতা: কর্মসংস্থানের লক্ষ্যে ভারত সরকারের বিশেষ উদ্যোগ রোজগার মেলায় উপস্থিত হয়ে এদিন পশ্চিমবঙ্গের কর্মসংস্থান সম্পর্কে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তিনি জানান, রেল থেকে শুরু করে আধা সামরিক বাহিনীর চাকরি, যতদূর সম্ভব কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে রাজ্য সরকার৷ অতীতে কর্মসংস্থান নিয়ে বাংলার যে ‘ভাবমূর্তি’ রয়েছে, তার পুনরুদ্ধারের চেষ্টা করার কথা জানালেন তিনি৷
এদিন রোজগার মেলার অনুষ্ঠানে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে যোগদান করেন শুভেন্দু অধিকারী৷ জানান, এর আগে রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমন্ত্রিত হওয়ারও সৌভাগ্য হয়েছিল তাঁর৷ অনুষ্ঠানে তাঁর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার৷
এদিনের অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আজকে যাঁরা রোজগার মেলায়, যাঁরা প্রধানমন্ত্রীর শুভাশিস নিয়ে, যাঁরা আজকে ভারতের নির্মাণে যোগ দিলেন, প্রত্যেককে শুভেচ্ছা৷ প্রধানমন্ত্রীর যে নিষ্ঠা, দায়িত্ববোধ তা অনুসরণযোগ্য শুভেন্দু অধিকারী৷’’
শুভেন্দু জানান, ‘‘আগামী দিনে সরকারি স্তরে বা সরকার পোষিত সংস্থায় আমরা নিয়োগ করব৷ আগের সরকারের আমলে এত দুর্নীতি হয়েছে৷ সেটা বাদ দিয়েই আমাদের এগোতে হবে৷ শিক্ষা সংস্কৃতি রাজনীতিতে পশ্চিমবঙ্গের অনেক ক্ষতি হয়ে গেছে৷’’
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, ‘‘আমাদের গরিমা ফেরাতে হবে৷ রেলের বিভিন্ন পরীক্ষা এই রাজ্যে হচ্ছিল না৷ এই রোজগার মেলা অনেক নীরবে করা যেত৷ তবে অন্যের দুর্নীতি রুখতে এভাবে করা হচ্ছে৷ বিগত কয়েক বছরে আশা ধ্বংস হয়েছিল শিক্ষিত প্রজন্মের৷ প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় জন্য আবারও আশায় বুক বাঁধছে৷’’
মুখ্যমন্ত্রীর বার্তা, আগামী দিনে রাজ্যের নিয়োগের ক্ষেত্রে, রেলের নিয়োগ, আধা সামরিক বাহিনী সহ কেন্দ্রের বিভিন্ন সংস্থায় নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের নীতিতে পরীক্ষা চলবে রাজ্যে৷ তিনি জানান, আগামী দিনে সব নিয়োগে আগামী বিধানসভা অধিবেশনে নতুন আইন আনবে রাজ্য৷ তিনি জানান, ‘‘ওএমআর কার্বন কপি পরীক্ষার্থীকে দেবে৷ ওরালে (মৌখিক পরীক্ষায়) ম্যাক্সিমাম নাম্বার রাখা আছে এই রাজ্যে৷ উচিত মিনিমাম নাম্বার রাখা৷ SC, এসটি, obc সংরক্ষণ ঠিকমতো মানা হয় না এখানে নিয়োগের ক্ষেত্রে৷ এখন থেকে সব মানা হবে৷ স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা হবে৷
পরীক্ষার স্কোর রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইটে দেবে৷’’
সম্প্রতি রাজ্যে ৬১টি রেলওয়ে প্রকল্পের অনুমতি দিয়েছে কেন্দ্র৷ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো৷ সেই কথা এদিনের রোজগার মেলার মঞ্চে উল্লেখ করেন শুভেন্দু৷ সবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা, ‘‘ডবল ইঞ্জিনের স্বাদ পশ্চিমবঙ্গ পেতে শুরু করেছে৷ ডবল ইঞ্জিনের হাই স্পিডে আমরা ছুটব৷’’
May 23, 2026 10:44 AM IST
