প্রসঙ্গত, ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুনের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। সূর্যপুর আউটপোস্ট পরিদর্শনে এসে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘নাম-পরিচয় দেখে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে যাঁরা হেরেছেন তাঁদের হাত, মৌলবাদীদের হাতও থাকতে পারে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে। যেমন নির্যাতিতার ঘটনার তদন্ত চলছে এটাও চলবে৷ সরকার পরিবারের দায়িত্ব নিয়েছে৷ বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা ভাতা৷ সব দেখা হচ্ছে৷’’
ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘(ওঁর) বাবা-মায়ের হাতে ২৫ লক্ষ টাকার চেক দিয়েছি, বড় ছেলেকে চাকরি দিয়েছেন ডিএম সাহেব৷ বাড়িও যে ভেঙে দেওয়া হয়েছিল, তা-ও সংস্কার করে দেওয়া হয়েছে।”
অন্যদিকে, এদিনই সূর্যপুর আউটপোস্টের উদ্বোধন করে প্রথমে নির্যাতিতার বাড়িতে যান শুভেন্দু৷ ১০ মিনিট কিশোরীর বাবা-মায়ের কথা বলেন তিনি৷ কিশোরীর বাবা জানিয়েছেন, দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে তিনি খুশি৷ সাংবাদিকদের সামনে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মেয়ে ফিরবে না তাই ফুলের মতো শিশুটির পরিবার আউটপোস্ট চেয়েছিলেন। আমরা করে দিয়েছিল৷ আর কিছু সরকারি কাজ থাকে৷ যদি নির্যাতিতার পরিবার রাজি হয়৷ পরিবার রাজি হয়েছে৷ যেখন তা কার্যকর হবে, জানা যাবে৷’’
এদিন অবশ্য প্রভাস মণ্ডলের এনকাউন্টার প্রসঙ্গে কোনও কথা বলতে চাননি তিনি৷ শুভেন্দু বলেন, “এনকাউন্টার নিয়ে কিছু বলব না, ওটা CID দেখছে। আমি আশাবাদী পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। আমরা একটা দৃষ্টান্তমূলক নজির রাখব।’’
বারুইপুরে অশান্তি বিক্ষোভের ঘটনায় চলছে ব্যাপক ধরপাকড়৷ তা নিয়ে মুখ্যমন্ত্রীকে বাসিন্দাদের তরফে সম্ভবত কোনও অনুরোধ করা হয়েছিল৷ কিন্তু তিনি কড়া বার্তা দেন, রাষ্ট্রবিরোধী কাজের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, “যারা রাষ্ট্রবিরোধী কাজ করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে। ইন্দ্রজিতের খুনিদের সঙ্গে কোনও আপস হতে পারে না। DG-কে বলেছি যাতে কেউ গ্রেফতার না হয়ে পালাতে না পারে।”
আগামী ২ সপ্তাহের মধ্যে স্পেশাল ট্রাইবুনালে বিচারের আশ্বাস দিয়ে তিনি বলেন, “বিশেষ অভিযান চালিয়ে গাঁজা, চরস, বেআইনি মদের ঠেক বন্ধ করতে হবে। সামাজিক দূষণ বন্ধ করতে হবে। পিছন থেকে যারা মোবাইলে উস্কানি দিয়েছে, ছবি তুলে সমস্যা তৈরি করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”