Last Updated:
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘যাত্রী সাথী’-র উন্নয়নে ‘ভারত ট্যাক্সি’-র সঙ্গে MoU স্বাক্ষর হয়েছে। এই উদ্যোগে যাত্রী পরিষেবা উন্নত করার পাশাপাশি চালকদের সমবায় সদস্যপদ ও কল্যাণমূলক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কলকাতা: পশ্চিমবঙ্গে গণপরিবহণ ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্যের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতর (DoIT&E)-এর রাষ্ট্রায়ত্ত ডিজিটাল পরিবহণ প্ল্যাটফর্ম ‘যাত্রী সাথী’-র উন্নয়নের লক্ষ্যে ‘সহকার ট্যাক্সি কো-অপারেটিভ লিমিটেড (ভারত ট্যাক্সি)’-র সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির কথা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে লেখেন, এই কৌশলগত যৌথ উদ্যোগের লক্ষ্য প্রযুক্তির আধুনিকীকরণ এবং সাধারণ যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়া। তাঁর বক্তব্য অনুযায়ী, কো-ব্র্যান্ডিং এবং প্ল্যাটফর্ম ইন্টারঅপারেবিলিটি-র মাধ্যমে ‘যাত্রী সাথী’ ও ‘ভারত ট্যাক্সি’—দুই প্ল্যাটফর্মের পরিষেবাকে একত্রিত করা হবে, যাতে যাত্রীরা আরও সহজে পরিবহণ পরিষেবা পান।
Today marks a significant step forward for public mobility in West Bengal.
Our Department of Information Technology and Electronics (DoIT&E) has officially partnered with Sahakar Taxi Cooperative Limited (Bharat Taxi) to enhance our state-owned digital mobility platform; ‘Yatri… pic.twitter.com/ON6Mys5tmP— Suvendu Adhikari (@SuvenduWB) July 19, 2026
তিনি আরও জানান, এই চুক্তির অন্যতম উদ্দেশ্য চালকদের কল্যাণ। যোগ্য ‘যাত্রী সাথী’ পার্টনারদের সমবায় সদস্যপদ এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা দেওয়া হবে। ভবিষ্যতে এই পরিষেবার আওতায় বাইক ট্যাক্সি এবং অটো-রিকশাকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এর আগে রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে ‘ভারত ট্যাক্সি’ প্রকল্প চালুর ঘোষণা করেন। তিনি জানান, এই প্রকল্পে প্রচলিত ট্যাক্সি ব্যবস্থার পরিবর্তে চালকরাই গাড়ির মালিক হবেন। এদিন ‘ভারত ট্যাক্সি’-র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও তিনি জানান।
অমিত শাহ বলেন, “আমরা ট্যাক্সি ড্রাইভারের বদলে তিনি যেন গাড়ির মালিক হন, এই ধারণা নিয়েই ‘ভারত ট্যাক্সি’-র সঙ্গে চুক্তি করেছি।” তাঁর দাবি, সমবায় ভিত্তিক এই উদ্যোগ চালকদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তুলবে।
এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গে ডিজিটাল পরিবহণ পরিষেবার সম্প্রসারণের পাশাপাশি যাত্রী পরিষেবা ও চালকদের কল্যাণ—দুই ক্ষেত্রেই নতুন সম্ভাবনার দরজা খুলবে বলে আশা করা হচ্ছে।
Kolkata,West Bengal
Jul 19, 2026 10:08 PM IST
