Last Updated:
১ আগস্ট ২০২৬ থেকে সরকারি হাসপাতালের রোগীদের দৈনিক ডায়েটের বরাদ্দ ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হচ্ছে। একই সঙ্গে পিএম পোষণ প্রকল্পে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পড়ুয়াদের রান্নার খরচ বাড়িয়ে ১০ টাকা করা হবে, অতিরিক্ত ব্যয় বহন করবে রাজ্য সরকার।
কলকাতাঃ সরকারি হাসপাতাল ও বিদ্যালয়গুলিতে পরিবেশিত খাবারের পুষ্টিগুণ ও মানোন্নয়নের লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দৈনিক ডায়েটের বরাদ্দ প্রায় দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি, পিএম পোষণ প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পড়ুয়াদের রান্নার খরচও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট, ২০২৬ থেকে এই নতুন হার কার্যকর হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং তাঁর সোশ্যাল মিডিয়াতে এই কথা ঘোষণা করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর ঘোষণায় জানানো হয়েছে, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রোগীদের দৈনিক খাদ্য বরাদ্দ ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। ফলে রোগীরা আরও উন্নত মানের ও সুষম খাবার পাবেন বলে সরকারের দাবি।
পশ্চিমবঙ্গ সরকার সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও বিদ্যালয়গুলোতে আয়োজিত খাবারের পুষ্টি ও মান উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগান্তকারী ও জনমুখী সিদ্ধান্ত গ্রহণ করেছে:-
✅ স্বাস্থ্যক্ষেত্র: সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাধীন রোগীদের জন্য দৈনিক ‘ ডায়েট’-এর খরচ ৫৬.৬৪… pic.twitter.com/GbBh4gWGvW
— Suvendu Adhikari (@SuvenduWB) July 13, 2026
অন্যদিকে, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য পিএম পোষণ প্রকল্পে দৈনিক রান্নার খরচ ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। অতিরিক্ত ৩.২২ টাকা সম্পূর্ণভাবে রাজ্য সরকার বহন করবে।
সরকারের বক্তব্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির ফলে সরকারি পরিষেবায় খাবারের গুণমান বজায় রাখা কঠিন হয়ে পড়েছিল। উল্লেখ্য, হাসপাতালের রোগীদের খাদ্য বরাদ্দের হার শেষবার সংশোধিত হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ প্রায় ৯ বছর পর এই বরাদ্দ বৃদ্ধি করা হল।
মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ ও প্রান্তিক মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। সরকারের মতে, উন্নত মানের পুষ্টিকর খাবার রোগীদের দ্রুত সুস্থ হতে সহায়তা করবে এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটের ঘোষণার ভিত্তিতে স্কুল শিক্ষা দফতর পিএম-পোষণ প্রকল্পে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করেছে। প্রকল্পে কর্মরত কুক-কাম-হেল্পারদের (Cook-cum-Helpers) মাসিক ভাতা ₹২,০০০ থেকে বাড়িয়ে ₹৩,০০০ করা হয়েছে। এই ভাতা বছরে সর্বাধিক ১০ মাস পর্যন্ত প্রদান করা হবে। এছাড়া, পিএম-পোষণ প্রকল্পের আওতায় আবাসিক স্কুলগুলিতে এলপিজি সংযোগ স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি এলপিজি সংযোগের জন্য রাজ্য সরকার সর্বোচ্চ ₹৩,০০০ পর্যন্ত আর্থিক সহায়তা দেবে। অর্থ দফতরের অনুমোদনের পর এই সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর।
Kolkata,West Bengal
