Last Updated:
নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে এ দিন উৎকল সমাজের রথযাত্রার অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সেই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী এ দিন অভিযোগ করেছেন, উল্টোরথের দিন উত্তেজনা ছড়াতেই এই মিছিলের ডাক দেওয়া হয়েছে৷
জমায়েত, নিজেদের দাবি জানানোয় রাজ্য সরকারের আপত্তি নেই৷ কিন্তু বিক্ষোভের নামে মিছিল থেকে দেশবিরোধী স্লোগান উঠলেই কড়া পদক্ষেপ করবে সরকার৷ শুক্রবার নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডের বিরুদ্ধে মিছিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল ধর্মতলা চত্বর৷ এই আবহেই আন্দোলনের নামে যাঁরা বিশৃঙ্খলা করছেন, তাঁদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
একই সঙ্গে মুখ্যমন্ত্রী এ দিন জানিয়েছেন, আগামী সোমবার ওই একই রুটে উত্তর কলকাতা জেলা বিজেপি-র পক্ষ থেকে ১৪ হাজার মানুষকে নিয়ে মিছিল করা হবে৷ জাতীয় পতাকা নিয়ে মিছিলে বিজেপি কর্মী, সমর্থকরা পা মেলাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করে আজ শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বামপন্থী ছাত্র সংগঠনগুলি৷ এই মিছিলে অংশ নিয়েছিল ককরোচ জনতা পার্টির সমর্থকরাও৷ যেহেতুন ককরোচ জনতা পার্টিকে কলকাতা পুলিশ আলাদা করে মিছিলের অনুমতি দেয়নি, তাই এ দিন বামেদের মিছিলেই যোগ দেয় তারা৷
যদিও মিছিল ধর্মতলা চত্বরে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ রানি রাসমণি রোডে অবস্থান বিক্ষোভ করার চেষ্টা করেন বিক্ষোভকারীরা৷ ব্যস্ত সময়ে রাস্তা পরিষ্কার রাখতে সেই অনুমতি দেয়নি পুলিশ৷ বিক্ষোভকারীদের পুলিশ বুঝিয়ে বলার চেষ্টা করার পরেও কাজ হয়নি৷ মিছিলকে পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করতেই পুলিশকে লক্ষ্য করে জুতো, ইট, লাঠি উড়ে আসে৷ পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ৷ ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল৷ জল কামানও ব্যবহার করা হয়৷ শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রানি রাসমণি রোডেই জমায়েতের অনুমতি দেয় পুলিশ৷
আন্দোলনকারীদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন,জমায়েত করুন, ‘নিজেদের কথা বলুন৷ আজকে উল্টোরথ, কালকেও এই মিছিল করতে পারত৷ কিন্তু ইচ্ছা করে আজই করেছে৷ আমি পুলিশকে বলেছি, যা বলছে বলতে দিন৷ দেশবিরোধী স্লোগান হলে মার্ক করে অ্যাকশন নেবো৷ ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছে দেশ, তার পর ‘আজাদি’ ‘আজাদি’ করলে অ্যাকশন নেবো৷’ যারা এ দিনের মিছিলে অশান্তি পাকিয়েছে, তাদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু৷
Kolkata,West Bengal
Jul 24, 2026 10:31 PM IST
