Last Updated:
পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে ট্রাকচালকের কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগে দুই মোটর ভেহিকেল ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার।
ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে ACB-কে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কলকাতাঃ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার হাতেনাতে প্রমাণ তুলে ধরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দিল রাজ্য সরকার। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে একটি ট্রাক আটক করে ঘুষ চাওয়ার অভিযোগে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ট্রাকচালকের কাছ থেকে ২২ হাজার টাকা দাবি করা হয় এবং ট্রাকটি আটকে রাখা হয়।
এই ঘটনার জেরে অভিযুক্ত দুই মোটর ভেহিকেল ইন্সপেক্টর (MVI) নাজিমুল হক ও অনুপম বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, পুরো ঘটনার ফৌজদারি তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য অভিযোগ পাঠানো হয়েছে অ্যান্টি-করাপশন ব্যুরো (ACB)-র কাছে।
Zero Tolerance for Corruption: No One is Above the Law
The Government of West Bengal maintains an absolute “Zero Tolerance Policy” against corruption at any level of Administration, Department or Government. Extortion and Corruption will never be tolerated under any… pic.twitter.com/7ZlYMGEiVU
— Suvendu Adhikari (@SuvenduWB) July 24, 2026
এছাড়াও, অন্যায়ভাবে আটক রাখা গাড়িগুলি দ্রুত ছেড়ে দেওয়ার এবং পরিবহণ ব্যবসায়ীদের হয়রানি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, দুর্নীতি, ঘুষ বা ক্ষমতার অপব্যবহারে জড়িত কোনও সরকারি আধিকারিককে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না। স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, বৃহস্পতিবার এক অনুষ্ঠানে জন্ম ও মৃত্যু শংসাপত্র ভেরিফিকেশন প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “জন্ম মৃত্যু শংসাপত্র খতিয়ে দেখা হচ্ছে সরকারের সিদ্ধান্ত। এটা সরকার নিজের মতো কাজ করছে। কারণ এসআইআর-এর সময় কিংবা তার আগে যেভাবে ভুয়ো জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেগুলো খতিয়ে না দেখলে সমাজকে বাঁচানো যাবে না, সমাজবিরোধী কাজ আটকানো যাবে না। শুধু তাই নয়, বিভিন্ন জায়গা খতিয়ে দেখা হচ্ছে, কারণ গত ১৫ বছরের নোংরা শুধু পরিষ্কার করতে হচ্ছে এমন নয়। বাম আমলে কড়া দুর্নীতির মাসুল দিতে হচ্ছে, সেগুলোর শেষ এখন করতে হচ্ছে। যারা এই কাজের সঙ্গে যুক্ত, যারা ভুয়ো সার্টিফিকেট দিয়ে অপরাধ করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, ব্যবস্থা হবে।”
Kolkata,West Bengal
Jul 24, 2026 10:23 AM IST
