Last Updated:
Suvendu Adhikari: নির্দেশিকাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্য স্কুল শিক্ষা দফতরের আওতাভুক্ত সমস্ত স্কুলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে৷
কলকাতা: পূর্ববর্তী নির্দেশ বাতিল করে, পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা দফতরের অধীনে থাকা রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পঠনপাঠন শুরু হওয়ার আগে স্কুল অ্যাসেম্বলি বা প্রাতঃকালীন প্রার্থনার সময় ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়া তাৎক্ষণিকভাবে বাধ্যতামূলক করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সোশ্যাল মিডিয়ায় সংশ্লিষ্ট নির্দেশিকার ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন৷
এদিন রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিবের তরফে জারি করা ওই নির্দেশিকায় জানানো হয়েছে, পূর্বের যাবতীয় নির্দেশ এবং প্রথা বাতিল করে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের আওতাভুক্ত সমস্ত স্কুলে পঠানপাঠন শুরুর আগে প্রার্থনায় জাতীয় গান ‘বন্দে মাতরম্’ গাওয়া বাধ্যতামূলক করা হচ্ছে৷ নির্দেশিকা প্রকাশের মুহূর্ত থেকেই নির্দেশটি কার্যকর করা হবে৷
নির্দেশিকার ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও৷ তিনি লেখেন, ‘ পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের অধীনস্থ রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পঠনপাঠন শুরুর পূর্বে ‘স্কুল অ্যাসেম্বলি’ বা প্রাতঃকালীন প্রার্থনার সময় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ভারতের জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই’।
সুকান্ত মজুমদার লেখেন, ‘বন্দে মাতরম্’ আমাদের জাতীয় চেতনা, দেশপ্রেম এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা, ঐক্যবোধ ও জাতীয় মূল্যবোধ জাগ্রত করতে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’ তাঁর আশা, ‘নতুন প্রজন্মের মনে দেশপ্রেম ও ভারতীয় সংস্কৃতির প্রতি গর্ব আরও সুদৃঢ় হোক, এই কামনা করি।’
পূর্ববর্তী নির্দেশ বাতিল করে, পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা দপ্তরের অধীনে থাকা রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পঠনপাঠন শুরু হওয়ার আগে স্কুল অ্যাসেম্বলি বা প্রাতঃকালীন প্রার্থনার সময় ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়া তাৎক্ষণিকভাবে বাধ্যতামূলক করা হয়েছে। pic.twitter.com/QGrdZzik1u
— Suvendu Adhikari (@SuvenduWB) May 14, 2026
ইতিমধ্যেই স্কুলে স্কুলে এই নির্দেশিকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। এতদিন স্কুলে স্কুলে জাতীয় সঙ্গীতের পর রাজ্য সঙ্গীত বাংলার মাটি – বাংলার জল গাওয়া হত। কিন্তু এবার জাতীয় সংগীতের পর বন্দেমাতারাম গান গাওয়া হবে। সরকারি ও সরকার পোষিত স্কুলে প্রার্থনার সময়ে গাইতে হবে ‘বন্দে মাতরম্’ গান।
রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান ২০২৩ সালে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করেছিল তৎকালীন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বেসরকারি স্কুলকেও আবেদন করছি বন্দেমাতরম প্রার্থনা সঙ্গীত হিসাবে স্কুলে গাওয়ার জন্য।’ কেন্দ্রের পক্ষ থেকে নভেম্বর ২০২৫ থেকে নভেম্বর ২০২৬ পর্যন্ত বন্দে মাতরম্ গানের ১৫০ বছর উদযাপন করছে।
Suvendu Adhikari on Vande Mataram: সরকারি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে জাতীয় গান ‘বন্দে মাতরম্’, সোশ্যাল মিডিয়ায় নির্দেশিকা পোস্ট মুখ্যমন্ত্রীর
