Last Updated:
শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার সময় থেকেই চন্দ্রনাথ রথ তাঁর আপ্ত সহায়ক ছিলেন৷ শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন ছিলেন তিনি৷
শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের সঙ্গী৷ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথ রথ এ দিনও দিনভর শুভেন্দু অধিকারীর সঙ্গেই ছিলেন৷ গিয়েছিলেন বিধানসভাতেও৷ রাতে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের কাঁথির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷
এর পর গাড়িতে উত্তর চব্বিশ পরগণায় মধ্যমগ্রামের দোহারিয়ার বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ৷ রাত ১১টা নাগাদ মধ্যমগ্রামের দোহারিয়ার কাছে মূল রাস্তা ছেড়ে পাড়ার রাস্তায় ঢুকে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি চন্দ্রনাথের গাড়ির রাস্তা আটকায়৷ তখনই থেমে যায় চন্দ্রনাথের গাড়ি৷ তখনই মোটরসাইকেলে করে আসা একজন দুষ্কৃতী চালকের পাশের আসনে বসে থাকা চন্দ্রনাথকে লক্ষ্য করে পর পর গুলি চালায়৷ খুব কাছ থেকে গুলি করায় চন্দ্রনাথের বুকে একাধিক গুলি লাগে৷ গুলিবিদ্ধ হন গাড়ির চালকও৷ যদিও তিনি প্রাণে বেঁচে গিয়েছেন৷
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একজন দুষ্কৃতীই বাইকে করে এসে চন্দ্রনাথকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন৷ অভিযুক্ত হেলমেটও পরে ছিলেন না বলে দাবি ওই প্রত্যক্ষদর্শীর৷ আবার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একাধিক দুষ্কৃতী হামলা চালিয়েছে৷
পুলিশের প্রাথমিক অনুমান, এই হামলা পূর্ব পরিকল্পিত৷ আগে থেকেই চন্দ্রনাথকে বাইক আরোহী এক বা একাধিক দুষ্কৃতী ধাওয়া করছিল বলে মনে করছে পুলিশ৷ যে গাড়িটি আচমকা চন্দ্রনাথের গাড়ির সামনে চলে আসল, সেটির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে৷ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ৷
জানা গিয়েছে, বায়ুসেনার প্রাক্তন কর্মী ছিলেন চন্দ্রনাথ রথ৷ বায়ুসেনা থেকে অবসর নেওয়ার পর শুভেন্দুর আপ্তসহায়ক হিসেবে কাজ শুরু করেন তিনি৷
খবর পেয়ে রাতেই মধ্যমগ্রামের হাসপাতালে পৌঁছন শুভেন্দু অধিকারী৷ হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার৷ এ ছাড়াও অর্জুন সিং, কৌস্তভ বাগচির মতো বিজেপি-র জয়ী বিধায়করাও হাসপাতালে পৌঁছেছেন৷ হাসপাতালের বাইরে জড়ো হয়েছেন কয়েকশো বিজেপি সমর্থক৷ অবরুদ্ধ হয়ে পড়েছে যশোর রোড৷ ভোটের ফল প্রকাশের পর পরই এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে৷
চন্দ্রনাথ রথের গাড়ির আহত চালককে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ আহত গাড়ি চালক এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ৷ খোঁজা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ৷
Kolkata,West Bengal
May 07, 2026 12:16 AM IST
