Last Updated:
Suvendu on Mamata: এদিন তারাতলা প্রসঙ্গে বিধানসভার অধিবেশনে বক্তৃতা করার সময় পূর্বতন সরকারের গাফিলতিকেই ঘটনার জন্য দায়ী করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ প্ল্যানে ত্রুটি থাকা সত্ত্বেও কী ভাবে তা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম সই করলেন সেই প্রশ্ন তোলেন তিনি৷ বিরোধীদের বেঞ্চের দিকে তাকিয়ে সরাসরি বলেন, ‘‘এই দেখুন ফিরহাদ হাকিমের সই। স্ট্রাকচারে গাফিলতি থাকা সত্ত্বেও সই করেছে৷ নকশায় গাফিলতি আছে।’’ বলে বিল্ডিংয়ের নকশা তুলে ধরেন শুভেন্দু৷
কলকাতা: তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনা নিয়ে কী কী পদক্ষেপ করেছে সরকার, কারা গ্রেফতার হয়েছে, নেপথ্যে কী-ই বা কারণ? এই সব কিছু নিয়েই বিশদে জনসাধারণকে জানাতে এদিন বিধানসভায় তারাতলা নিয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তবে এদিনের বিবৃতিতে গোটা ঘটনার জন্য বিগত সরকারকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী৷ কাঠগড়ায় তোলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত৷ শুধু তাই,পূর্বতন সরকারের বিরুদ্ধে টাকা নেওয়ার প্রসঙ্গ তুলে টেনে আনেন ‘ক্যামাক স্ট্রিট’ও৷ প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিটেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়৷
শুভেন্দু অধিকারী বিধানসভায় ওই ভেঙে পড়া গোডাউনের নকশা পেশ করে বলেন, ‘‘এই দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই৷ দেখুন আপনারা স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফলটি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন৷’’
শুভেন্দু অভিযোগ তোলেন, ‘‘এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস কাটমানির বিনিময়ে ব্রোকারদের দিয়ে এই কাজ করেছেন৷ …একদম জিরো টলারেন্স৷ আগামী দিনে কী হবে? আমরা চার সপ্তাহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন রাজারহাট নিউটাউন, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সোনারপুর সমস্ত নির্মীয়মাণ কাজ জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রাখলাম৷’’
তিনি জানান, ‘‘এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস৷ অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে কলকাতাকে মৃত্যুপুরী করা তৃণমূল কংগ্রেস, তাদের সমস্ত প্ল্যান আমরা অডিট করাব। রাজেশ পান্ডে লিড করবে। এছাড়া স্মিতা পান্ডে, রচনা ভগত, রাজেশ সিনহা, খলিল আহমেদ, আইআইটি, ইরকন, পূর্ত দফতর চিফ ইঞ্জিনিয়ার, ডিজি বিল্ডিং থাকবে। এছাড়া RITES থাকবে, সব বিল্ডিং প্ল্যান অডিট করাব। অডিট না করে কোনও বিল্ডিংয়ে হাত দিতে দেব না৷ একদম জিরো টলারেন্স৷ এরপর প্রপার্টি অ্যটাচমেন্ট করে জেল খাটাব। অপেক্ষা করুন, নিশ্চিন্ত থাকুন৷ এক ইঞ্চিও টলারেন্স আমরা করব না৷’’
বিধানসভায় তারাতলা নিয়ে বিবৃতি দেওয়া প্রসঙ্গে সর্বশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ‘‘আর অ্যাসেম্বলি চলছে৷ আগের মুখ্যমন্ত্রীর মতো তু খিঁচ মেরি ফোটো করব না৷ বিধানসভাকে অস্বীকার করে অ্যাকশন আর কমপেনসেশন আমরা অন্তত করি না৷ বিধানসভা চালু ছিল, তাই আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ঘটনা, অ্যাকশন, আফটার অ্যাকশন, কী কী আমরা করছি, তা জানালাম৷ আপনারা ভরসা রাখতে পারেন, এই সরকার জনগণের জীবনের সঙ্গে কোনও রকমের কম্প্রপোমাইস করতে দেয়নি, দেবে না৷ ’’
