Last Updated:
Taratala Accident: তারাতলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৭৷ এখনও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ৷ আহতদের চিকিৎসার জন্য ঘটনাস্থলে ছোট, অস্থায়ী হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে৷
কলকাতা: তারাতলার দুর্ঘটনার ঘটনায় চলছে উদ্ধারকাজ৷ শনিবার আহত আরও একজনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে৷ এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ সূত্রের খবর, বেসরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭ জন৷
সূত্রের খবর অনুযায়ী, তারাতলার দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকাজ কঠিন থেকে আরও কঠিনতর হচ্ছে। প্যানকেক কোল্যাপ্সের শেষ লেয়ার অবধি পকেট করা গিয়েছে। সেই অনুয়ায়ী প্রাণের স্পন্দন খুঁজে উদ্ধারকাজ চলছে। জানা গিয়েছে, পচা দুর্গন্ধ বেরতে শুরু করেছে এলাকায়। আর কোনও প্রাণের স্পন্দন রয়েছে কি না সেই সব কিছু আজ আরও নিঁখুতভাবে চেক করবে এনডিআরএফ।
চলছে ইনটেনসিভ কাটিং করে ঢালাই কংক্রিট এবং টিনের পাত সরানোর চেষ্টা। পাশাপাশি রেলের সরঞ্জাম দিয়ে বিম কাটা হচ্ছে কোনও কোনও অংশে। মেডিকেল টিম প্রস্তুত আছে এএমসি-এর পক্ষ থেকে৷
ঘটনার স্থলের সামনে উদ্ধারকারীদের জন্য ছোট হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে৷ ছোট হলেও সমস্ত ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে৷ ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, অক্সিজেনের ব্যবস্থা, যাবতীয় মেডিসিন, সিপিআর-এর ব্যবস্থা৷ ছোটখাটো অপারেশনও সম্ভব ওই ছোট হাসপাতালেই৷ ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
তারাতলায় নির্মাণকাজের সময় দুর্ঘটনার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করল রাজ্য সরকার। ২৪ জুনের ওই দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনার পর এই সিদ্ধান্ত। অতিরিক্ত মুখ্যসচিব (যুব কল্যাণ ও ক্রীড়া দফতর) রাজেশ কুমার সিনহাকে কমিটির চেয়ারম্যান করে ১১ সদস্যের কমিটি। কমিটিতে কলকাতা পুরসভা, দমকল, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, PWD, KMRCL, IRCON-সহ একাধিক দফতরের প্রতিনিধিদের রাখা হয়েছে৷ ৭ দিনের মধ্যে রাজ্য সরকারকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতার তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারী। মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা এবং আহতদের পরিবারদের ১ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করে। তিনি বলেন, ‘অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। তবে, সরকার অঙ্গীকারবদ্ধ তাঁদের পাশে থাকার।‘ কলকাতার দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের নিকটাত্মীয়দের প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও, আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
Kolkata,West Bengal
Jun 27, 2026 12:37 PM IST
