Last Updated:
মূল্যৃদ্ধি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে এমনিতেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মার্কিনদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল৷ ফলে মিড টার্ম ভোটে ট্রাম্পকে যে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে, সেই সম্ভাবনা আগে থেকেই ছিল৷
সম্ভাবনাকে সত্যি করেই শেষ পর্যন্ত মিড টার্ম নির্বাচনে মার্কিন সেনেটের দখল নিয়ে নিল বিরোধী ডেমোক্র্যাটরা৷ এর ফলে প্রেসিডেন্ট হিসেবে নিজেদের মেয়াদকালের শেষ দু বছরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন ডোনাল্ড ট্রাম্প৷
সবথেকে বড় কথা, রিপাব্লিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সা, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনায় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা৷ পাশাপাশি জর্জিয়া, নিউ হ্যাম্পশায়ারের মতো গুরুত্বপূর্ণ আসনগুলি ধরে রেখেছে ডেমোক্র্যাটরা৷
মিডটার্ম নির্বাচনের আগে সেনেটের ১০০টি আসনের মধ্যে ৫৩টি রিপাব্লিকানদের দখলে ছিল৷ ৪৭টি ছিল ডেমোক্র্যাটদের দখলে৷ ২০২০ সালের পর এই প্রথমবার মার্কিন আইনসভার উচ্চকক্ষের দখল নিল ডেমোক্র্যাটরা৷
রিপাব্লিকান প্রার্থীদের সমর্থনে নিজে জোরদার প্রচার চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ যে আসনগুলিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ছিল, সেখানেও রিপাব্লিকান প্রার্থীদের হয়ে ব্যক্তিগত ভাবে প্রচার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ নিজের রাজনৈতিক আধিপত্য বজায় রাখার জন্যও সেনেটের দখল হাতে রাখা প্রয়োজন ছিল ট্রাম্পের৷ কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল৷
যে আসনগুলিতে সবথেকে উল্লেখযোগ্য ফল হয়েছে, তার মধ্যে অন্যতম টেক্সাস৷ চিরাচরিত ভাবে রিপাব্লিকানদের গড় হিসেবে পরিচিত এই আসনে ১৯৮৮ সালের পর এই প্রথমবার কোনও ডেমোক্র্যাট প্রার্থী জয় পেলেন৷
আবার সাউথ ক্যারোলিনাতেও রিপাব্লিকান প্রার্থী ডারলাইন গ্রাহামকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রিউজ৷ ১৯৯৮ সালের পর এই আসনটিতেও ডেমোক্র্যাটরা জয় পায়নি৷ রিপাব্লিকানদের হাতে থাকা নর্থ ক্যারোলিনা আসনও দখল করে নিয়েছে ডেমোক্র্যাটরা৷ সেখানে প্রাক্তন গভর্নর রয় কুপার ডোনাল্ড ট্রাম্পের পছন্দের প্রার্থী মাইকেল হোয়াটলে-কে পরাজিত করেছেন৷ সেনেট নির্বাচনে ২০০৮ সালের পর এই প্রথম নর্থ ক্যারোলিনে জয় পেল ডেমোক্র্যাটরা৷
পাশাপাশি জর্জিয়া, ভার্জিনিয়া, নিউ জার্সি, নিউ হ্যাম্পশায়ার, ডেলাওয়্যার ম্যাসাচুসেটস-এর মতো যে আসনগুলি রিপাব্লিকানরা দখল করার আশা করেছিল, সেই আসনগুলিও ধরে রাখতে সফল হয়েছে ডেমোক্র্যাটরা৷
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যে অঞ্চলগুলি ট্রাম্পকে ঢেলে ভোট দিয়েছিল, সেই সমস্ত এলাকাগুলিতেও রাজনৈতিক চিন্তাধারায় আমূল পরিবর্তনের ইঙ্গিত ধরা পড়েছে মিড টার্ম নির্বাচনের ফলে৷
