Last Updated:
WB HS Result 2026: শৈশবের এক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল দু’চোখের আলো। কিন্তু অন্ধকার থামাতে পারেনি শান্তিপুরের মেধাবী ছাত্রকে। সমস্ত প্রতিকূলতাকে জয় করে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৩৯৫ নম্বর পেয়ে নজর কেড়েছে প্রীতম দাসকে।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: দৃষ্টিহীনতার অন্ধকার জয় করে উচ্চমাধ্যমিকে সাফল্য। শিক্ষক হওয়ার স্বপ্ন শান্তিপুরের প্রীতমের। শৈশবের এক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল দু’চোখের আলো। কিন্তু সেই অন্ধকার থামাতে পারেনি শান্তিপুরের মেধাবী ছাত্র প্রীতম দাসকে। সমস্ত প্রতিকূলতাকে জয় করে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৩৯৫ নম্বর পেয়ে নজর কেড়েছে শান্তিপুর সূত্রাগড় হরিপুর স্ট্রিটের এই ছাত্র। বাংলায় সে পেয়েছে ৮৬ নম্বর। ভবিষ্যতে শিক্ষক হওয়াই তার স্বপ্ন।
দ্বিতীয় শ্রেণিতে পড়াকালীন স্কুলে টিফিন খাওয়ার সময় সহপাঠীর ধাক্কায় দরজার নাট এসে লাগে তার চোখে। প্রথমে সাধারণ আঘাত মনে হলেও ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমতে থাকে। নবম শ্রেণিতে ওঠার পর সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে দু’চোখের দৃষ্টি। তবুও থেমে যায়নি পড়াশোনা। সাধারণ ছাত্রছাত্রীদের মতোই পড়াশোনা চালিয়ে গিয়েছে প্রীতম। বর্তমানে সে ব্রেইল পদ্ধতিও শিখছে।
১০০ শতাংশ প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সরকারি সহায়তা না মেলায় ক্ষোভও রয়েছে পরিবারের। ওয়ার্ড কাউন্সিলর বলরাম ঘোষ জানিয়েছেন, যোগ্য প্রতিবন্ধীদের তালিকা তৈরি করে সরকারি সাহায্যের ব্যবস্থা করার চেষ্টা চলছে। প্রীতমের আবেদন, দৃষ্টিহীনদের আলাদা চোখে না দেখে সমাজে সমান সুযোগ ও অধিকার দেওয়া হোক। অন্ধকার জয় করে তার এই সাফল্য আজ বহু মানুষের কাছে অনুপ্রেরণা।
Nadia,West Bengal
WB HS Result 2026: শৈশবের দুর্ঘটনা কেড়েছে দৃষ্টিশক্তি! অন্ধকার জয় করে আলোর পথে, উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল, শিক্ষক হওয়ার স্বপ্ন প্রীতমের