উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে। রবিবার থেকে শুরু হবে ভারী বৃষ্টি। চলবে মঙ্গলবার পর্যন্ত। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের ৷
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। মূলত মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতে। পূর্ব দিকের জেলা এবং উপকূল সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উইকেন্ডে বৃষ্টির পরিমাণ কমবে।
বৃহস্পতিবার ২৩ জুলাই উপকূল ও সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে সাত জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। অন্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে সাত জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গে রবিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আপাতত নীচের দিকে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার কোনও সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে চার জেলায়। কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে দুই-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই।
শনিবার উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কোনও সতর্কবার্তা নেই আবহাওয়া দফতরের। বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এই তিন জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে।
সোমবার বৃষ্টি পরিমাণ একটু বাড়বে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। এই চার জেলাতেই ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে।
মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই জেলায়। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া:
কলকাতায় মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। আগামিকাল, শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮২ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ১০ মিলিমিটার।