দক্ষিণবঙ্গে আজ, বৃহস্পতিবারও বেশ কিছু জেলায় গরম এবং অস্বস্তি চরমে উঠবে। পশ্চিমের কিছু জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। বেশ কিছু জেলায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
আজ, বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা! বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত দমকা হাওয়া বইবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের তিন জেলাতে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। এর মধ্যে শুক্র ও শনিবারে উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে থাকবে। দার্জিলিং থেকে মালদহ, উত্তরবঙ্গের ৮ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে গরম এবং অস্বস্তি বেশি থাকবে। এর মধ্যে কিছু জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছতে পারে। বাকি জেলাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে।
ঝড়বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে রয়েছে ৷ তবে সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের কিছু জেলায়। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে।
মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এবং শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। এর পার্শ্ববর্তী হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে।
রবিবার থেকে তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত মেঘলা আকাশ এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
কলকাতার আবহাওয়া:
সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ এবং কখনও মেঘলা আকাশ থাকবে। গরম এবং অস্বস্তি থাকবে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।