দক্ষিণবঙ্গের আবহাওয়া:
মূলত মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গ এবং পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সব জেলাতেই আগামী পাঁচ দিন দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
আজ, শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
রবিবার ১২ জুলাই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলাতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে ৯টি জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে পাঁচ জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। তবে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
শনি ও রবিবার অতিবৃষ্টির কমলা সতর্কতা থাকবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা চলবে সপ্তাহ জুড়ে। সব জেলাতেই ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি। পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। নদীর জলস্তর বাড়তে পারে। কোথাও কোথাও বিপদ সীমার ওপরে বইতে পারে নদী। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। শষ্যের ক্ষতির আশঙ্কা রয়েছে।
আজ, শনিবার জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ার এই তিন জেলাতে অতি বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোথাও কোথাও। এই তিন জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি আর জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে দমকা বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে।
আগামিকাল, রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। নীচের দিকের তিন জেলা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির হলুদ সতর্কতার সঙ্গে দমকা বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারও উত্তরবঙ্গে একইরকম থাকবে আবহাওয়া ৷
কলকাতার আবহাওয়া:
কলকাতায় শনি ও রবিবার আংশিক মেঘলা আকাশ। কখনও পুরোপুরি মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে গত দু’দিনের তুলনায় কমবে। দু-এক পশলা হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।
আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২১.৪ মিলিমিটার।